ভারতের প্রথম মহিলা মিমিক্রি শিল্পী তথা জনপ্রিয় অভিনেত্রী আশা সিং জয়েসওয়াল আর নেই

নয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘মহাভারত’-এর এক অধ্যায়ের অবসান ঘটল। বি আর চোপড়ার এই আইকনিক ধারাবাহিকে গুরু দ্রোণাচার্যের স্ত্রী তথা যোদ্ধা অশ্বত্থামার মা ‘কৃপি’র চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন প্রবীণ অভিনেত্রী আশা সিং জয়েসওয়াল। গত শনিবার সন্ধ্যায় মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী।
অভিনয়ের পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আশা সিং। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা মিমিক্রি শিল্পী, যিনি বিখ্যাত অভিনেত্রী মীনা কুমারীর কণ্ঠ নিখুঁতভাবে অনুকরণ করতে পারতেন। এছাড়া সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দেশের প্রথম আন্তর্জাতিক বিনোদন ব্যবস্থাপনা সংস্থা ‘আশা ইভেন্টস অ্যান্ড ফিল্মস’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবেও তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। প্রিয় অভিনেত্রীর প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।