“১ বোতল জলের থেকেও সস্তা বিয়ার!”-ভাইরাল ভিডিও দেখে চমকে যাচ্ছেন সুরাপ্রেমীরা

সোশ্যাল মিডিয়ার দৌলতে বিদেশের নানা টুকরো ছবি প্রায়শই আমাদের নজরে আসে। সম্প্রতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গোপিকাপাদিয়ার একটি ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে, যেখানে ইউরোপের জীবনযাত্রা এবং সেখানকার পণ্যের দামের একটি চমকপ্রদ চিত্র তুলে ধরা হয়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে, ইউরোপের একটি সুপারমার্কেটে যেখানে এক বোতল জলের দাম প্রায় আড়াইশো টাকা, সেখানে এক ক্যান বিয়ার মিলছে মাত্র দেড়শো টাকায়! ভারতের বাজারের সঙ্গে তুলনা করলে এই তথ্য রীতিমতো অবাক করার মতো। কিন্তু এই দাবির নেপথ্যের আসল সত্যটা ঠিক কী?

আসলে কি ইউরোপে বিয়ার জলের চেয়ে সস্তা?

বিশেষজ্ঞদের মতে, ইউরোপের সব জায়গায় যে বিয়ার জলের চেয়ে সস্তা, এমনটা ধরে নেওয়া ভুল। স্থান, দেশ এবং অঞ্চলের ওপর ভিত্তি করে এই দামের তারতম্য ঘটে। সাধারণ সুপারমার্কেটগুলিতে বোতলের জল মূলত যথেষ্ট সস্তা হোলেও, পরিস্থিতি বদলে যায় যখন পর্যটন কেন্দ্র, বার কিংবা রেস্তোরাঁগুলির কথা আসে। ওই সমস্ত জায়গায় পর্যটকদের জন্য জলের বোতলের দাম অনেক সময়ই আকাশছোঁয়া হয়ে দাঁড়ায়।

অন্যদিকে, ইউরোপের বেশ কিছু দেশে ঐতিহ্যগতভাবেই স্থানীয় বিয়ারের উৎপাদন অনেক বেশি পরিমাণে হয়। চেক প্রজাতন্ত্র, জার্মানি, পোল্যান্ড কিংবা স্লোভাকিয়ার মতো দেশগুলিতে বিয়ারের বাজার বেশ শক্তিশালী এবং স্থানীয় উৎপাদিত হওয়ায় অনেক জায়গায় তা বেশ সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ক্রোয়েশিয়ার জনপ্রিয় পর্যটন শহর ডুব্রোভনিকে ছোট জলের বোতলের চড়া দামের বিপরীতে স্থানীয় বিয়ার তুলনামূলক সস্তা হওয়ায় পর্যটকদের মনে এই ধারণা তৈরি হয় যে বিয়ার বুঝি জলের চেয়েও সস্তা।

সব দেশেই কি একই চিত্র?

অবশ্য এই হিসেব ইউরোপের প্রতিটি দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নরওয়ে, সুইৎজারল্যান্ড বা আইসল্যান্ডের মতো দেশগুলিতে আবার বিয়ারের দাম বেশ চড়া। ফলে দেশ বা শহরভেদে এই সমীকরণ বদলাতে বাধ্য। ভারতে যেখানে খুব সহজেই ১০ থেকে ২০ টাকায় জল পাওয়া যায় এবং মদের ওপর চড়া শুল্ক রয়েছে, সেখানে ইউরোপের কিছু নির্দিষ্ট পর্যটন অঞ্চলের এই বৈসাদৃশ্যই ভিডিওটিকে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *