“ভবানীপুরকে করব আদর্শ বিধানসভা!” উন্নয়নের ডাসবোর্ড হাতে নিয়ে কী প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী?

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলার লক্ষে একগুচ্ছ নতুন ও জনকল্যাণমুখী পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবানীপুরকে সাজিয়ে তুলতে এলাকায় এক লক্ষ গাছ লাগানোর পাশাপাশি স্থানীয় স্কুলগুলিকে ‘স্মার্ট স্কুল’-এ রূপান্তর করা হবে। পাশাপাশি খেলার মাঠ ও পার্কগুলির আধুনিকীকরণের কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

তবে সবচেয়ে বড় ঘোষণাটি এসেছে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আগামী দিনে তিনি নিজেই ভবানীপুরের প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের হাতে ‘আয়ুষ্মান ভারত’ কার্ড তুলে দেবেন। এর মাধ্যমে উপভোক্তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। এছাড়া, যাঁরা এই আয়ুষ্মান প্রকল্পের নিয়মের আওতায় পড়বেন না, তাঁদের জন্য বিশেষভাবে রাজ্য সরকারের ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা কার্ড’ প্রদান করা হবে। এর ফলে রাজ্যের পাশাপাশি দেশের প্রায় ৩৮ হাজার হাসপাতালে নিখরচায় চিকিৎসার সুবিধা মিলবে। জনকল্যাণমূলক এই উদ্যোগ এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *