জেন-জি ভোটারদের টার্গেট করে বিরাট চমক বিজেপির! দেশজুড়ে মাসব্যাপী এই বিশেষ অভিযানের নেপথ্যে কে?

তরুণ ভোটার এবং জেন-জি (Gen Z) প্রজন্মের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করতে এবার আরও বড় ও সুদূরপ্রসারী পরিকল্পনার পথে হাঁটছে ভারতীয় জনতা পার্টি (BJP)। প্রতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে যে ‘সেবা পক্ষ’ পালিত হয়, তাকে এবার আরও এক ধাপ বাড়িয়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এ রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল।

শনিবার বিজেপির নতুন দল গঠনের পর প্রথম উচ্চপর্যায় বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং সমন্বয়কারী বিনোদ তাওড়ের নেতৃত্বে গঠিত বিশেষ ১০ সদস্যের কমিটির নির্দেশেই এই নতুন রণকৌশল চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে জানান, আগামী ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের ২৫ বছর পূর্তি হচ্ছে। এই বিশেষ মাইলফলককে সামনে রেখেই দেশজুড়ে এই মেগা প্রচার অভিযান শুরু হতে চলেছে।

কী থাকছে এই বিশেষ অভিযানে? দলের পরিকল্পনা অনুযায়ী, কর্মীরা শুধু গতানুগতিক রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবেন না; বরং সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে সরাসরি সেবামূলক কাজে অংশ নেবেন। দেশের ১৪ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের সম্মানিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, এই সমস্ত কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে আকর্ষণীয় রিল এবং ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য দেশের যুবসমাজকে উৎসাহিত করা হবে। তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে ১৫ দিনের বিশেষ প্রচার অভিযান এবং ‘জাতীয় উদ্ভাবন চ্যালেঞ্জ’ প্রতিযোগিতাও আয়োজন করা হবে।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনগুলির কথা মাথায় রেখে তরুণ ও প্রথমবার ভোটদাতা ভোটারদের মন জয় করতেই বিজেপির এই ডিজিটাল ও সামাজিক উদ্যোগ এক বিরাট ভূমিকা পালন করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *