কাঁধে করে বয়ে আনা হলো নিথর দেহ! নিউটাউনের জনবহুল এলাকায় জোড়া রক্ত হিম করা দৃশ্য প্রকাশ্যে

শনিবার সকালে নিউটাউনের স্বামীজী নগরের এক জনবহুল গলিতে যুবকের মুখ থেঁতলানো ও রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। মৃতের নাম সৌরভ বিশ্বাস, তিনি নিউটাউনের আদর্শপল্লী এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার নৃশংসতায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।
শনিবার ভোরে স্বামীজী নগরের ২ নম্বর গলিতে একটি বাইকের পাশে বস্তা চাপা অবস্থায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় বস্তা সরাতেই সামনে আসে ভয়াবহ দৃশ্য। দেখা যায়, যুবকের মুখটি নৃশংসভাবে থেঁতলে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থল রক্তে ভেসে যাচ্ছে। যুবকের শরীরে ও হাতে থাকা ট্যাটু দেখে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁকে সৌরভ বিশ্বাস হিসেবে শনাক্ত করেন।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইকোপার্ক থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে তদন্তের মোড় ঘুরে যায় যখন পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে দেখা গিয়েছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সৌরভের নিথর দেহটি কাঁধে করে বয়ে নিয়ে এসে নির্জন গলির ওই বাইকের পাশে ফেলে রেখে দ্রুত চম্পট দিচ্ছে। এই সিসিটিভি ফুটেজ এখন তদন্তের মূল চাবিকাঠি হয়ে উঠেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কোনো বস্তু দিয়ে মুখে আঘাত করে অত্যন্ত পরিকল্পিতভাবেই যুবককে খুন করা হয়েছে। ইকোপার্ক থানার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক সময় ও কারণ স্পষ্ট হবে। দেহ বয়ে আনা ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পুরনো কোনো শত্রুতা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য রয়েছে, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জনবহুল এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।