“পক্ষপাতদুষ্ট ও বিশ্বাসযোগ্যতাহীন!” মোহন ভাগবতের বিদেশ সফরের আগে আমেরিকার কড়া সমালোচনায় নওয়াদিল্লি

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবতের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিল নয়াদিল্লি। আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন বা ‘ইউএসসিআইআরএফ’ (USCIRF)-এর এক সদস্য কর্তৃক আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞা জারির দাবি এবং এই সফরের বিরোধিতার তীব্র সমালোচনা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই মার্কিন সংস্থাটি সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট।

আগামী ২৯ আগস্ট সংঘপ্রধান মোহন ভাগবতের নিউ ইয়র্ক সফর শুরু হওয়ার কথা। তার ঠিক আগেই মার্কিন এই সংস্থাটি ভারতের বিরুদ্ধে অবমাননাকর ও উসকানিমূলক মন্তব্য করে। শুধু তাই নয়, মার্কিন সরকারের কাছে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের অদ্ভুত দাবিও তোলে তারা।

এই প্রসঙ্গে মুখ খুলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানান, এ ধরনের সংস্থার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা রয়েছে এবং এদের কোনো ধরনের বিশ্বাসযোগ্যতাই নেই। ভারতের বহুত্ববাদী সমাজ এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতির বাস্তব চিত্রটা এই মার্কিন কমিশন কখনোই বুঝতে চায় না বলে তোপ দেগেছেন তিনি। ভারতবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোই এই সংস্থার পুরনো অভ্যাস বলে মন্তব্য করে নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, এই ধরনের পক্ষপাতদুষ্ট মন্তব্য ও অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *