প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে মহা আয়োজন! ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’ পালনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন্ন ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যজুড়ে মহাসমারোহে ‘অন্নপূর্ণা দিবস’ পালিত হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মহিলা উপভোক্তাদের এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে এই বিরাট ঘোষণা করেন তিনি।
১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের ঘোষণা
এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবসে রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করা হবে। এই বিশেষ দিনে সমস্ত জেলায় জেলায় প্রকল্পের সুবিধাভোগী মহিলারা একত্রিত হবেন। পাশাপাশি, খোদ কলকাতায় প্রায় এক লক্ষ অন্নপূর্ণা প্রকল্পের উপভোক্তা মহিলাদের নিয়ে একটি বিশাল জনসভা করার পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী, যার মাধ্যমেই মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হবে।
অন্নপূর্ণা প্রকল্পের সাফল্য ও বিশেষ আশ্বাস
সম্প্রতি রাজ্যজুড়ে সাড়া ফেলে দেওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ধাপে ধাপে এই প্রকল্পের পরিধি ও উপভোক্তার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা সফলভাবে পৌঁছে গিয়েছে। পাশাপাশি, এই মঞ্চ থেকেই তিনি আশ্বস্ত করেন যে, যে সমস্ত যোগ্য মহিলারা এখনও এই ভাতার আওতায় আসেননি, তাঁরা দ্রুত পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করুন, কারণ সরকারের তরফ থেকে প্রকৃত প্রাপকদের কাউকেই বঞ্চিত করা হবে না।
রাজনৈতিক মহলের মতে, অন্নপূর্ণা প্রকল্পের সাফল্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবসকে কেন্দ্র করে এই মেগা কর্মসূচি রাজ্যের রাজনৈতিক ময়দানে নতুন মাত্রা যোগ করতে চলেছে।