খুশির ঘরে নেমে এল ঘুটঘুটে অন্ধকার! সদ্যোজাতের জন্মের সেলিব্রেশনে জলসা, বেপরোয়া বাসের চাকায় পিষে মৃত বাবা সহ ৫

সদ্যোজাতকে ঘিরে জলসার আনন্দ মুহূর্তেই বিষাদ! বেপরোয়া বাসের চাকায় পিষে মৃত নবজাতকের বাবা সহ ৫

নিজস্ব সংবাদদাতা: ফুটফুটে সন্তানের জন্মের আনন্দে বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বাবা। বাড়ির সামনে জলসা বসেছিল, আর তা দেখতে ভিড় জমেছিল রাস্তার ধারেও। কে জানত, সেই আনন্দের মুহূর্তই ডেকে আনবে এক ভয়ঙ্কর পরিণতি! বাসের চাকায় পিষে মর্মান্তিক মৃত্যু হল সদ্যোজাতর বাবার। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও বেশ কয়েকজন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের বেত্তিয়ায়। পুলিশ জানিয়েছে, রাস্তার ধারেই একটি নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা দেখতে উৎসুক মানুষের ভিড় জমেছিল। সেই সময়ই উত্তরপ্রদেশের গোরখপুর থেকে আসা একটি বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং পরপর কয়েকজনকে পিষে দেয়।

পুলিশ সূত্রে খবর, রাস্তার সামনে একটি ট্রাক ছিল। সেই ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতেই বাসটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই জনবহুল ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও অনেকেই, যাদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গোরখপুর থেকে আসা বাসটি গতকাল রাত পৌনে ১১টা নাগাদ নারকাটিয়াগঞ্জ মহকুমার লউরিয়া থানার অন্তর্গত পারাউ টোলার লউরিয়া মার্গের কাছে এই তাণ্ডব চালায়। বাসটি ভিড়ের মধ্যে ঢুকে পড়ার পরেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও হুড়োহুড়ি শুরু হয়ে যায়, যার জেরে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় সদ্যোজাতর বাবার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *