‘সব নথি আইনি ও বৈধ!’ কুণালের অভিযোগ উড়িয়ে দিয়ে মানহানির নোটিশ পাঠালেন অশোক টোডি

ডানকুনিতে নতুন কারখানা তৈরি এবং সরকারি অনুমোদনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার ২৪ ঘণ্টার মধ্যেই কুণাল ঘোষকে মানহানির নোটিশ পাঠালেন শিল্পপতি অশোক টোডি। বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শিল্পপতি সাফ জানিয়েছেন, তাঁর সংস্থা সমস্ত আইনি প্রক্রিয়া মেনে এবং সরকারি অনুমোদন নিয়েই এই প্রকল্প এগিয়ে নিয়ে চলেছে।
কী দাবি করলেন শিল্পপতি অশোক টোডি? এদিন এক সাংবাদিক বৈঠক করে শিল্পপতি অশোক টোডি কুণাল ঘোষের সমস্ত অভিযোগ খারিজ করে দেন। তিনি জানান, গত ১১ জুলাই ডানকুনিতে লাক্স কোজি প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভূমিপুজো করা হয়েছে এবং এর জন্য সমস্ত সরকারি বিভাগের যথাযথ অনুমতি রয়েছে।
কুণাল ঘোষের দেখানো নথি প্রসঙ্গে অশোক টোডি দাবি করেন, কুণালবাবু যে নথিগুলির কথা বলছেন সেগুলি প্রায় ১৫ বছরের পুরনো (২০১২ ও ২০১৫ সালের)। বর্তমান ২০২৬ সালের এই প্রকল্পের সঙ্গে সেগুলির কোনো মিল বা ভিত্তি নেই। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা এই কারখানার নকশা ও আইনি কাগজপত্র সম্পূর্ণ স্বচ্ছ বলেও স্পষ্ট জানান তিনি। পাশাপাশি, তাঁর এই সংস্থা রাজ্যে ৬,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানান টোডি।
কুণাল ঘোষের প্রতিক্রিয়া অন্যদিকে, মানহানির নোটিশ পাওয়ার পর কুণাল ঘোষ জানিয়েছেন, প্ল্যান স্যানাকশন বা অনুমোদন নিয়ে প্রশ্ন তোলার জেরে কেউ যদি মানহানির মামলা করতে চান, তবে তাঁরা তা করতেই পারেন। এই বিষয়ে তাঁর আর নতুন করে কিছু বলার নেই। উল্লেখ্য, গত ১১ জুলাই ডানকুনির এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।