বাংলায় ১০০ দিন পূর্ণ: শুভেন্দু অধিকারীর কাজের ভূয়সী প্রশংসা অমিত শাহের!

রাজ্যে নতুন সরকারের মেয়াদ ১০০ দিন পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে প্রশাসনিক কাজের গতি ও সাফল্যের প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে এসএসবি (SSB)-র একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেবল প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের গতিই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাও প্রকাশ্যে আনেন তিনি।
কাজের গতি ও পারস্পরিক সমীকরণ
এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি কাজের প্রয়োজনে ফোন করলেই দ্রুত অনুমোদন পাওয়া যায়, যেখানে আনুষ্ঠানিক চিঠি অনেক সময় পরে পৌঁছয়। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে আটকে থাকা কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রয়োজনীয় জমি নতুন সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই হস্তান্তর করা হয়েছে। প্রশাসনিক এই তৎপরতার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সমন্বয় অত্যন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে।
উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক
শিলিগুড়িতে পৌঁছেই মে ফেয়ার হোটেলে একটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিপি উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এন্টি টেররিস্ট স্কোয়াড (ATS) এবং অ্যান্টি নারকটিকস টাস্ক ফোর্সের কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচানা করা হয়। পাশাপাশি, গত ১০০ দিনে রাজ্য পুলিশের সামগ্রিক কর্মক্ষমতা ও সাফল্যের খতিয়ানও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পেশ করা হয়।