উত্তরবঙ্গে পা রেখেই মেগা বৈঠক অমিত শাহের! ‘চিকেনস নেক’ ও সীমান্ত সুরক্ষা নিয়ে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

উত্তরবঙ্গ সফরে এসে আজ রাজ্যের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসটিএফ (STF), অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS) এবং অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF)-এর কার্যক্রম এবং গত ১০০ দিনে তাদের অর্জিত সাফল্যের খতিয়ান নিতে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। শিলিগুড়িতে ভারতীয় ন্যায় সংহিতা আইন সংক্রান্ত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন সেরে সটান এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা
ভারতের কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল করিডর তথা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা এবং সার্বিক সীমান্ত সুরক্ষা বর্তমান বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা। বুধবারের মন্ত্রিসভার বৈঠকে অ্যান্টি টেররিজম স্কোয়াড ও অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স গঠনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রাজ্য পুলিশের অধীনে থেকে অন্যান্য এজেন্সির সঙ্গে সমন্বয় রেখে তারা কীভাবে কাজ করবে, তা নিয়ে এ দিন বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিপি। সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফকে (BSF) কাঁটাতার নির্মাণ ও আউটপোস্ট তৈরির জন্য জমি হস্তান্তর এবং সেই প্রক্রিয়া কত দ্রুত শেষ করা সম্ভব, তা নিয়ে বৈঠকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে।

গত ১০০ দিনের কাজের খতিয়ান ও পরিকাঠামো উন্নয়ন
এ দিনের বৈঠকে শুধু সীমান্ত সুরক্ষা নয়, বরং পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং গত তিন মাসে রাজ্যের নেওয়া বিভিন্ন পদক্ষেপের একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সীমান্তে বেড়া নির্মাণ ও পরিকাঠামো তৈরির জন্য বিএসএফ-কে ইতিমধ্যেই ৭৬৭.১০ একর জমি হস্তান্তর করা হয়েছে এবং অতিরিক্ত ৩৬১.৯৩ একর জমি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনায় ইছামতী নদী বরাবর বেড়া নির্মাণের জন্য প্রায় ৯১৫ একর জমির সমীক্ষার কাজও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

পাশাপাশি, ১২টি সীমান্তবর্তী জেলার সার্বিক উন্নয়নে ১,৩৮৩টি প্রকল্পের জন্য ১৮২.৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্যে ৩টি বিশেষ এনআইএ (NIA) আদালত তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে দুটির উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা আরও কড়া করতে গত তিন মাসে ২৫টি থানায় সিসিটিভি স্থাপন, ১২টি রেডিও মোবাইল ভ্যান, ৯টি মহিলা টহলদারি গাড়ি এবং ১৫০০টি আধুনিক রেডিও হ্যান্ডসেট ট্রান্সমিটার সংগ্রহের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজ্য-কেন্দ্রের যৌথ সমন্বয়কে আরও দৃঢ় করতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *