একঘেয়ে ধোসায় বিদায়! বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইল চিকেন মশলা ধোসা

সকালের ঝটপট ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের হালকা খিদে মেটানোর নাস্তা—ধোসা বলতেই আট থেকে আশি সকলের মন ভালো হয়ে যায়। চাল ও বিউলির ডালের মিশ্রণ ফারমেন্ট বা গাজানো প্রক্রিয়ায় তৈরি হওয়ার কারণে ধোসা অত্যন্ত সহজপাচ্য, পুষ্টিকর এবং প্রোটিন ও কার্বোহাইড্রেটের দারুণ একটি উৎস। এতে ফ্যাট কম থাকে এবং এটি অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রেখে শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। কিন্তু প্রতিদিন সেই একঘেয়ে সাদা ধোসা বা মশলা ধোসা খেতে খেতে কি বোর হয়ে গিয়েছেন? তাহলে আপনার স্বাদ বদলাতে এ বার বাড়িতেই তৈরি করে ফেলুন সম্পূর্ণ অন্য স্বাদের ও সুস্বাদু ‘চিকেন মশলা ধোসা’।
চিকেন মশলা ধোসা তৈরির প্রয়োজনীয় উপকরণ:
মুরগির কিমা – ৪০০ গ্রাম
পেঁয়াজ – ২টি (মাঝারি সাইজের)
আদা-রসুন বাটা – ২ চা চামচ
টমেটো পিউরি – ১/২ কাপ
লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ
জিরে – ১ চা চামচ
কারি পাতা – কিছু পরিমাণে
সর্ষের তেল – ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
নুন – স্বাদ অনুযায়ী
জল – ৩/৪ কাপ
ধোসা ব্যাটার – প্রয়োজন অনুযায়ী
রান্নার সহজ পদ্ধতি:
১. প্রথমে প্রেসার কুকারে পরিমাণমতো তেল গরম করে তাতে জিরে, কারি পাতা এবং আদা-রসুন পেস্ট দিয়ে এক মিনিট ধরে ভালো করে ভেজে নিন।
২. এর পরে কুচানো পেঁয়াজ দিয়ে আরও প্রায় দু’ মিনিট ভাজুন। এরপর তাতে টমেটো পিউরি, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা এবং স্বাদমতো নুন মিশিয়ে দিন।
৩. মশলাটি ভালো করে কষানোর পর ৩-৪ মিনিট রান্না করুন। এ বার কুকারে মুরগির কিমা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিন এবং ৩/৪ কাপ জল দিয়ে দিন।
৪. কুকারের ঢাকনা বন্ধ করে ৮-১০ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাংস সেদ্ধ হয়ে জল শুকিয়ে আসে। রান্না নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
৫. এ বার প্যানে ধোসা ব্যাটার গোল করে ছড়িয়ে মুচমুচে ধোসা তৈরি করে নিন। ধোসার মাঝখানে তৈরি করে রাখা ২-৩ টেবিল চামচ চিকেন পুর দিয়ে দু’দিক থেকে মুড়ে দিন। ব্যস, গরম গরম চাটনি ও সাম্বারের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিকেন মশলা ধোসা।