CAA-এর মাধ্যমে নাগরিকত্ব, পশ্চিমবঙ্গ সহ ৮ রাজ্যে কেন্দ্রের নয়া নির্দেশিকা

ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার দিন এবার শেষ হতে চলেছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) ২০১৯-এর আওতায় জমে থাকা আবেদনগুলি দ্রুত প্রসেস করার জন্য কেন্দ্র সরকার এক বড় পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলাশাসকদের এই আবেদনগুলি নিষ্পত্তির সরাসরি অনুমতি দিয়েছে।
এতদিন পর্যন্ত নাগরিকত্ব প্রসেস করার সমস্ত ক্ষমতা ছিল কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের নিয়ে গঠিত একটি বিশেষ এমপাওয়ার্ড কমিটির হাতে, যেখানে সেনসাস, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এবং ডাক বিভাগের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। তবে নতুন নির্দেশিকা জারি করে সেই নিয়মে বড় বদল আনা হলো।
১৯ অগাস্ট জারি করা নির্দেশ অনুযায়ী, গুজরাত, পঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার আদিবাসী এলাকা বাদে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জেলাশাসকদের এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে এখন থেকে এই অঞ্চলগুলিতে জেলাশাসকরাই আগের এমপাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের সমস্ত দায়িত্ব পালন করবেন।
নতুন নিয়ম অনুযায়ী, সিটিজেনশিপ (থার্ড অ্যামেন্টমেন্ট) রুলস, ২০২৬-এর ৬বি ধারা অনুযায়ী জেলাশাসকরাই আবেদন গ্রহণ, নথিপত্র যাচাই, তদন্ত এবং প্রয়োজনে আবেদনকারীকে আনুগত্যের শপথ করানোর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করবেন। এর ফলে নাগরিকত্ব পাওয়ার দীর্ঘ ও জটিল প্রক্রিয়াটি অনেকটাই দ্রুত এবং সহজ হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।