দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট বিপ্লব আনতে আসছে স্টারলিঙ্ক? বড় ঘোষণা এলন মাস্কের!

দেশের প্রত্যন্ত অঞ্চল এবং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের ডিজিটাল দুনিয়ায় যুক্ত করতে বড়সড় উদ্যোগ নিতে চলেছে এলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে এমনই ইঙ্গিত দিয়েছেন খোদ সংস্থার প্রধান নির্বাহী তথা সিইও এলন মাস্ক। ভারতের বাজারে স্টারলিঙ্কের পরিষেবা এখনও সরকারি অনুমোদন না পেলেও, মাস্কের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
ভারতের গ্রামীণ ইন্টারনেটের বর্তমান চিত্র
সম্প্রতি এক্সে প্রকাশিত একটি তথ্যে ভারতের গ্রামীণ এলাকার ইন্টারনেট পরিকাঠামোর এক বাস্তব চিত্র সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে, ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেশের প্রায় ১১ হাজারেরও বেশি গ্রামে ফোরজি কভারেজ পৌঁছায়নি। অন্যদিকে, ২০২৬ সালের মার্চ পর্যন্ত ভারতে মোট ইন্টারনেট সাবস্ক্রিপশন ১.০৯ বিলিয়নের বেশি হলেও, গ্রামীণ অঞ্চলে তা মাত্র ৪৪ কোটি ছাড়িয়েছে। সেই হিসেবে দেশের গ্রামীণ এলাকায় প্রতি ১০০ জনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখনও পঞ্চাশের কম। পাশাপাশি, ভারতনেট প্রকল্পের কাজ কিছুটা এগোলেও ফাইবার ইন্টারনেটের ব্যবহারে মানুষের অনীহা দেখা দেওয়ায় গ্রামীণ সংযোগ কিছুটা ব্যাহত হচ্ছে।
কী জানাল স্টারলিঙ্ক?
এই সমস্ত পরিসংখ্যান তুলে ধরেই একটি পোস্ট শেয়ার করা হয়। সেই পোস্ট রি-ট্যুইট করে এলন মাস্ক স্পষ্ট ভাষায় জানান, ভারতের কম পরিসেবা পাওয়া এবং গ্রামীণ এলাকাগুলিতে বড় সাহায্য করতে পারে স্টারলিঙ্ক। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বর্তমানে বিশ্বজুড়ে শীর্ষে রয়েছে এই সংস্থা। কম লেটেন্সির পাশাপাশি সরাসরি ডিভাইসে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও বিশেষ প্রযুক্তি রয়েছে তাদের ভাণ্ডারে।
আইনি প্রক্রিয়া ও বর্তমান পরিস্থিতি
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের শেষের দিকে ভারতে পরিষেবা চালুর উদ্যোগ নিলেও বিভিন্ন আইনি জটিলতার কারণে তা থমকে গিয়েছিল। তবে সম্প্রতি এই বিষয়ে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। চলতি বছরের জুন মাসে স্টারলিঙ্কের বিজনেস অপারেশন ভাইস প্রেসিডেন্ট লউরেন ড্রেইয়ার জানিয়েছিলেন যে, ভারতের বাজারে পরিষেবা চালু করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এখন দেখার, সমস্ত আইনি প্রক্রিয়া কাটিয়ে ঠিক কবে নাগাদ ভারতের মাটিতে পুরোদমে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করতে পারে এলন মাস্কের এই সংস্থা।