“বাবা নেই, সংসারে টাকার দরকার”-নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ঝরল তরুণ প্রাণ, শোকে পরিবার

তারাপীঠের রেশ কাটতে না কাটতেই কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট চত্বরের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৯ জন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের তালিকায় রয়েছে ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা ১৯ বছরের তরুণ সন্দীপ পাসোয়ান। মাত্র পাঁচ মাস আগে সংসারের দায়িত্ব কাঁধে নিতে পড়াশোনা ছেড়ে কলকাতায় কাজের সন্ধানে এসেছিলেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে সেই স্বপ্নই চিরতরে ধূলিসাৎ হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মির্জা গালিব স্ট্রিটের ১৫ জি নম্বরের ওই পাঁচতলা হোটেলের তিনতলায় মঙ্গলবার রাত দেড়টা থেকে দুটোর মধ্যে আগুন লাগে। বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং ১টি শিশু রয়েছে।

হোটেলটিতে সাফাই কর্মীর কাজ করতেন তরুণ সন্দীপ। তাঁর পরিবার সূত্রে খবর, পাঁচ বছর আগেই সন্দীপের বাবা মারা গিয়েছিলেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় দমদমের নাগেরবাজারে থাকা তাঁর কাকা সীতারাম পাসোয়ান তাঁকে কলকাতায় নিয়ে এসে এই হোটেলের চাকরিটি জুটিয়ে দিয়েছিলেন। বুধবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসে যখন তাঁরা সন্দীপের ঝলসানো দেহ শনাক্ত করেন, তখন থেকেই তাঁদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের চত্বর। পরিবারের প্রাথমিক অনুমান, যে জায়গায় সন্দীপ ঘুমিয়েছিলেন তার পাশেই থাকা ফ্রিজের কম্প্রেসার ফেটেই এই ভয়াবহ বিপত্তি ঘটে থাকতে পারে।

বর্তমানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। হোটেলের সুরক্ষা ব্যবস্থা এবং বেআইনিভাবে এই ধরনের হোটেল পরিচালনার নেপথ্যে কার গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *