আলু ভাজলেই কি নরম হয়ে নেতিয়ে যায়? রইল এমন এক জাদুকরী টোটকা, যা জানলে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে!

ডাল-ভাতের সঙ্গেই হোক কিংবা সান্ধ্যকালীন স্ন্যাক্স হিসেবে—বাঙালি পাতে গরম গরম আলুভাজার জুড়ি মেলা ভার। ফ্রেঞ্চ ফ্রাই থেকে সাধারণ ভাজা—আলুর জনপ্রিয়তার কাছে হার মানবে যে কোনো পদই। কিন্তু অনেক সময়ই আক্ষেপ থাকে একটাই, বাড়িতে আলু ভাজলে তা থালার তোলার মাত্র কয়েক মিনিট পরেই নেতিয়ে নরম হয়ে যায়। তবে কিছু সহজ ও কার্যকরী রান্নার কৌশল (Cooking Tips) জানা থাকলে আর এই সমস্যা পোহাতে হবে না। দীর্ঘক্ষণ একেবারে মুচমুচে ও সুস্বাদু থাকবে আপনার হাতের আলুভাজা।

আলু মুচমুচে না হওয়ার আসল কারণ কী?
বিশেষজ্ঞদের মতে, মূলত আলুর ভেতরে থাকা অতিরিক্ত স্টার্চ এবং আর্দ্রতার কারণেই ভাজার পর তা নরম হয়ে যায়। এর হাত থেকে রেহাই পাওয়ার সহজ কিছু উপায় রয়েছে:

১. বরফ জলে ভেজানো: প্রথমে আলু পছন্দমতো কেটে নিয়ে ১৫ থেকে ২০ মিনিট বরফ-ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে। এতে আলুর ভেতরের অতিরিক্ত স্টার্চ সহজেই ধুয়ে বেরিয়ে যায়। জল থেকে তুলে একটি পরিষ্কার টিস্যু পেপারে আলুর টুকরোগুলি ভালো করে মুছে নিয়ে গায়ে জমে থাকা বাড়তি জল শুকিয়ে নিতে হবে।

২. কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োর ব্যবহার: কড়াইতে তেল গরম করে আলু ছাড়ার ঠিক আগে সামান্য কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো আলুর ওপর ছড়িয়ে দিতে পারেন। এটি আলুকে বাড়তি মুচমুচে ভাব এনে দেবে।

৩. নুন দেওয়ার সঠিক সময়: আলু ভাজার সময় সবচেয়ে বড় ভুলটি হয় নুন দেওয়া নিয়ে। আগেভাগে নুন মিশিয়ে দিলে আলু থেকে জল ছাড়তে শুরু করে এবং তা নরম হয়ে যায়। তাই আলু নামানোর ঠিক আগে বা ভাজা সম্পূর্ণ হয়ে এলে তখন ওপরে নুন ছড়িয়ে দেওয়া উচিত।

৪. চড়া আঁচে ভাজুন: আলুভাজা সবসময় বেশি বা চড়া আঁচে ভাজতে হবে। ঢিমে আঁচে ভাজলে আলু অতিরিক্ত তেল টেনে নেয় এবং নরম হয়ে যায়। চড়া আঁচে ভাজলে আলুর বাইরের অংশ যেমন ক্রাঞ্চি হয়, তেমনই ভেতরটা নরম থাকে।

এই ছোট্ট টিপসগুলি সঠিকভাবে মেনে চললে যেকোনো দিনই রেস্তরাঁ বা বিয়ের বাড়ির মতো পারফেক্ট, মুচমুচে আলুভাজা বানিয়ে তাক লাগিয়ে দিতে পারবেন বাড়ির সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *