ড্রোন শক্তিতে মুঠোয় চিন! প্রায় ২ হাজার কোটির চুক্তিতে নৌবাহিনীর জন্য অত্যাধুনিক মার্কিন ড্রোন আনছে ভারত

ভারত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার এবং নিরাপত্তার চাদর আরও কঠোর করতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। সোমবার মার্কিন সংস্থা জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমস ইনকর্পোরেটেড (GA-ASI)-এর সঙ্গে প্রায় ১,৯৪৩ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই চুক্তির আওতায় ভারতীয় নৌবাহিনীর জন্য ৩০ মাসের মেয়াদে দুটি অত্যাধুনিক এমকিউ-৯বি সি গার্ডিয়ান হাই-অল্টিটিউড লং-এন্ডুরেন্স (HALE) রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম (RPAS) বা ড্রোন লিজ নেওয়া হচ্ছে।

কী সুবিধা মিলবে এই সামরিক চুক্তিতে? প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এই ব্যবস্থা চালুর ফলে সমুদ্রের বিশাল এলাকাজুড়ে নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি এবং পর্যবেক্ষণ চালানো সম্ভব হবে। এর মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘটে চলা যে কোনো ছোট-বড় ঘটনা নিখুঁতভাবে পর্যবেক্ষণ এবং তার দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে ভারতের সামুদ্রিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

চিনের ওপর কড়া নজরদারি: বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে ভারত মহাসাগরে চিনের গুপ্তচর জাহাজের আনাগোনা ও তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই দিকে নজর রেখেই এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উন্নত সেন্সর, আধুনিক সিস্টেম এবং শক্তিশালী পেলোডে সজ্জিত এমকিউ-৯বি সি গার্ডিয়ান ড্রোনগুলি ভারতীয় নৌবাহিনীর নজরদারি ক্ষমতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। ফলে চিনের যেকোনো অবৈধ বা সন্দেহজনক কার্যকলাপের ওপর এখন আরও নিখুঁতভাবে কড়া নজর রাখতে পারবে ভারতীয় নৌসেনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *