“১ লক্ষ চাকরির বিশাল ঘোষণা মুখ্যমন্ত্রীর!”-পুরুলিয়া থেকে বড় বার্তা দিলেন শুভেন্দু

সোমবার পুরুলিয়া থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন একটি পানীয় জল প্রকল্পের সূচনা করতে গিয়ে পুরুলিয়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যে প্রায় ১ লক্ষের কাছাকাছি শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে চাকরি দেওয়া হবে।
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে শিক্ষক ও পুলিশকর্মীসহ বিভিন্ন বিভাগে মোট প্রায় ১ লক্ষ নিয়োগ করা হবে। এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি পুরোপুরি মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে বলে জানান তিনি। একইসঙ্গে, আগামী পরীক্ষাগুলোতে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে লিখিত পরীক্ষার উপর বিশেষ জোর দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
পাশাপাশি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে তোলাবাজি এবং সিন্ডিকেট সংস্কৃতি বন্ধ করা হচ্ছে। বালি পাচার বা অতিরিক্ত দাম নেওয়া নিয়ে কড়া পদক্ষেপের কথা জানিয়ে তিনি সাধারণ মানুষকে সরাসরি যোগাযোগের বার্তা দেন। এছাড়া, পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে তিনি আগামীকালের মনসা পুজো উপলক্ষে বাঁকুড়া ও পুরুলিয়ায় ছুটির ঘোষণা করেন। এর জেরে মঙ্গলবার দুপুর দুটো থেকে স্থানীয় প্রশাসনিক সংস্থা, বিভিন্ন স্ট্যাটুটরি বডি, বোর্ড এবং কর্পোরেশনের দফতরগুলো বন্ধ থাকবে।