অন্নপূর্ণার টাকা ঢোকা শুরু, ১.৪৫ কোটির তালিকায় আছেন কি? চেক করুন এই ভাবে

আজ রাজ্যের বর্তমান সরকারের একশো দিন পূর্ণ হলো। আর এই বিশেষ দিনেই রাজ্যের যোগ্য মহিলাদের জন্য বড় ঘোষণা বাস্তবায়ন শুরু হয়ে গেল। আজ, সোমবার থেকে রাজ্যের যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’-র টাকা পাঠানো শুরু হয়েছে। এবারে অগাস্ট মাসে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পেতে চলেছেন।
এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান, আজ থেকে শুরু হয়ে আগামী ২০ অগাস্ট পর্যন্ত ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা জমা হবে। যেহেতু জেলাভিত্তিক এই প্রক্রিয়া চলছে, তাই প্রথম দিনেই সবার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের ক্ষেত্রে টাকা পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী, যোগ্য উপভোক্তার ৩,০০০ টাকা সরাসরি ডিবিটি (DBT)-র মাধ্যমে তাঁর আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।
নবান্নের বৈঠকে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এই কাজ শুরু হওয়া অত্যন্ত আনন্দের। রাজ্যে এই প্রকল্প নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলেও, ১ কোটি ৮০ লক্ষ প্রার্থীর মধ্যে থেকে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার নাম চূড়ান্ত করা হয়েছে। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া ২০ আগস্ট পর্যন্ত চলবে এবং প্রতিটি যোগ্য মহিলা এই সুবিধা পাবেন।
টাকা না এলে কি আবেদন বাতিল? অনেকের মনেই প্রশ্ন জাগছে, আজ অ্যাকাউন্টে টাকা না এলে কি আবেদন বাতিল বলে ধরে নিতে হবে? এর উত্তরে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, একেবারেই নয়। জেলাওয়ারি প্রক্রিয়া চলার কারণে নির্দিষ্ট দিনে সবার অ্যাকাউন্টে টাকা নাও পৌঁছাতে পারে। ২০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা উচিত। এছাড়া আবেদন যদি এখনও ভেরিফিকেশন বা এনকোয়ারি পর্যায়ে থাকে, তবে সঙ্গে সঙ্গে টাকা ঢুকবে না। বিডিও (BDO) বা এসডিও (SDO)-র মাধ্যমে যাচাইয়ের পর জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের পরেই টাকা বরাদ্দ হয়।
পাশাপাশি জানানো হয়েছে, ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদন যাচাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপাতত নতুন কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না। তবে এতে কোনো যোগ্য মহিলা বঞ্চিত হবেন না।
কীভাবে চেক করবেন আবেদনের স্ট্যাটাস? আপনার আবেদনের বর্তমান অবস্থা জানতে Social Security West Bengal Portal-এ গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ওটিপি (OTP)-র মাধ্যমে লগইন করতে হবে। এর পর স্ট্যাটাস দেখে নিতে পারবেন:
-
Approved: আবেদন অনুমোদিত হয়েছে এবং খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন।
-
Pending at the BDO Office: যাচাই প্রক্রিয়া এখনও চলছে (১৫ থেকে ৩০ দিনের মধ্যে পুনরায় চেক করুন)।
-
Payment Pending: আবেদন বৈধ হলেও অর্থ এখনও মঞ্জুর হয়নি, কিছুটা অপেক্ষা করতে হবে।
-
Bank Account Invalid: আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে অসঙ্গতি রয়েছে বা আধার সিডিং সম্পূর্ণ হয়নি। এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।
-
Rejected: আবেদন বাতিল হলে প্রয়োজনীয় নথি (আধার কার্ড, উপার্জনের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র ও আপডেটেড পাসবই) নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করে পুনরায় আবেদন করা যাবে।
২০ আগস্টের পরেও যদি সমস্ত তথ্য ঠিক থাকার পরও টাকা না আসে, তবে গ্রামীণ এলাকার উপভোক্তারা BDO Office-এ এবং শহরাঞ্চলের উপভোক্তারা SDO Office-এ যোগাযোগ করতে পারেন। কলকাতা পুরনিগম এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট KMC কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে।