মনসা পুজোয় বড় উপহার! জঙ্গলমহলের জন্য অর্ধদিবস ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মনসা পুজোর প্রাক্কালে পুরুলিয়া এবং বাঁকুড়ার জঙ্গলমহলবাসীর জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মানবাজারের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভা থেকে মনসা পুজো উপলক্ষে জঙ্গলমহলে অর্ধদিবস সরকারি ছুটির ঘোষণা করেন তিনি। এই ঘোষণায় খুশি স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, এদিন একাধিক জনকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনিক সিদ্ধান্তেরও কথা জানান মুখ্যমন্ত্রী।
মিড-ডে মিলের দায়িত্ব যাচ্ছে ইসকনের হাতে
কলকাতার পর এবার দ্বিতীয় ধাপে পুরুলিয়ার ছাত্রছাত্রীদের মিড-ডে মিল সরবরাহের বড় দায়িত্ব দেওয়া হচ্ছে ‘ইসকন’ (ISCKON)-কে। খাদ্যের মান ও পুষ্টির ওপর বিশেষভাবে জোর দিয়ে সপ্তাহে আলাদা করে দু’দিন ডিম দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে এই ব্যবস্থার ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলোর রান্নার সঙ্গে যুক্ত রাঁধুনিদের ভবিষ্যৎ নিয়ে যাতে কোনো অনিশ্চয়তা তৈরি না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, এতদিন যারা মিড-ডে মিল রান্নার কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের চাকরি বা কাজ সম্পূর্ণ বহাল থাকবে।
জনকল্যাণ শিবির ও বালির দাম নির্ধারণ
এদিনের সভা থেকে নতুন করে জনকল্যাণ শিবির চালুর ঘোষণা করা হয়, যেখান থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা নির্দিষ্ট ভাতার জন্য সহজেই আবেদন করতে পারবেন। বিগত তিন মাস ধরে বালির দাম নিয়ে বাজারে যে টানাপোড়েন চলছিল, এদিন তার অবসান ঘটিয়ে বড় পদক্ষেপ করেছে প্রশাসন। গৃহ নির্মাণের কাজ সহজ করতে বালির দাম প্রতি ইউনিট ১২০০ টাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর বেশি দাম নেওয়া যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কুড়মালি ভাষা ও জাইকা প্রকল্প
আবাস প্রকল্প এবং কুড়মালি ভাষার প্রসারেও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের পক্ষ থেকে জোরদার পদক্ষেপ করা হবে বলে তিনি জানান। সবমিলিয়ে, মানবাজারের এই প্রশাসনিক সভা থেকে জঙ্গলমহলের উন্নয়নে ১২৯৬.২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘জাইকা’ (JICA) প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা এলাকার পরিকাঠামো উন্নয়নে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।