স্বাধীনতা দিবসে মেট্রোযাত্রীদের জন্য বড় ধাক্কা! ১৫ অগাস্ট কোন কোন লাইনে কমবে ট্রেনের সংখ্যা?

স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ অগাস্ট, শনিবার কলকাতার বিভিন্ন মেট্রো লাইনের পরিষেবায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ এই জাতীয় দিবসে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যায় কাটছাঁট করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, সমস্ত লাইনেই প্রথম ও শেষ মেট্রোর নির্দিষ্ট সময়সূচি অপরিবর্তিত থাকছে।
মেট্রো সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ অগাস্ট ব্লু লাইনে মোট ১৯৪টি পরিষেবা চালানো হবে, যার মধ্যে ৯৭টি আপ ও ৯৭টি ডাউন ট্রেন থাকবে। অন্যদিকে, গ্রিন লাইনে মোট ১৪৮টি পরিষেবা (৭৪টি আপ ও ৭৪টি ডাউন) মিলবে।
ইয়েলো লাইনের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই মোট ৯২টি পরিষেবা চালু থাকবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবার সংখ্যা ৫টি থেকে কমিয়ে ৪টি করা হয়েছে। পাশাপাশি, পার্পল লাইনে অন্যান্য দিনের মতো স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।
তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অরেঞ্জ লাইনে। মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন অরেঞ্জ লাইনে কোনো মেট্রো পরিষেবা চালু থাকবে না। প্রসঙ্গত, যাত্রীস্বার্থে জুলাই মাস থেকেই মেট্রোর সময়সূচিতে পরিবর্তন এনে সকাল ৬টা থেকে পরিষেবা শুরু করা হয়েছিল এবং শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে রাত সাড়ে দশটায় ছাড়ার নিয়ম চালু রয়েছে। কিন্তু ১৫ অগাস্ট ছুটির দিন ও বিশেষ পরিস্থিতির কারণে মেট্রো চলাচলের এই হেরফেরে কিছুটা সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। তাই বাড়ি থেকে বেরোনোর আগে নতুন সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।