“নেতাজি থাকলে এভাবে ক্ষমতা হস্তান্তর হতো না!” অনন্ত মহারাজ বিতর্কে মুখ খুলতেই বড় বার্তা শমীক ভট্টাচার্যের

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের করা বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় বয়ে চলেছে। একদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেওয়া হয়েছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগে তাঁর এক অনুগামীও গ্রেফতার হয়েছেন। এই গোটা পরিস্থিতিতে দলের অস্বস্তি এড়াতে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
এদিন নেতাজি প্রসঙ্গে অত্যন্ত স্পষ্ট ভাষায় শমীকবাবু বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তাঁর কালজয়ী সত্ত্বা নিয়ে প্রতিষ্ঠিত। তিনি বলেন, “নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতা হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তাঁর কালজয়ী সত্ত্বা দিয়ে সমস্ত কিছুর উত্তরণ ঘটিয়ে দিয়েছেন।”
তবে অনন্ত মহারাজের মন্তব্যের জেরে যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে শমীক ভট্টাচার্য জানান, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তাভাবনা করবে। এমপি বা এমএলএ যদি এই ধরনের কাজ করেন, তার জন্য দলের সংসদীয় বোর্ড রয়েছে। সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন।”
উল্লেখ্য, নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে ইতিমধ্যেই অনন্ত মহারাজের বিরুদ্ধে রাজ্যে মোট ৬টি এফআইআর দায়ের হয়েছে এবং সোশ্যাল মিডিয়া থেকে তাঁর একাধিক আপত্তিজনক পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি, উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে অনন্ত মহারাজের এক অনুগামী কিরণকুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে এই জঞ্জাল সামাল দিতে রাজ্য বিজেপি নেতৃত্ব এখন কতটা কঠোর পদক্ষেপ নেয়, সেটাই দেখার।