“নেহরু যা বলেছিলেন, আমি সেটাই বলেছি!” নেতাজি নিয়ে কোন বিস্ফোরক সাফাই দিলেন অনন্ত মহারাজ?

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। নেতাজিকে কটূক্তি করার অভিযোগে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হলেও নিজের অবস্থানে এখনও সম্পূর্ণ অনড় রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি নিজে থেকে কোনো মন্তব্য করেননি, বরং নথিপত্র এবং তথ্যের ভিত্তিতেই কথা বলছেন।
মুখ্যমন্ত্রীর হুশিয়ারি এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে অনন্ত মহারাজ জানান, মুখ্যমন্ত্রী যা বলেছেন তা সঠিক এবং আইন সকলের জন্যই সমান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন, ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য, এটা আইন সর্বেসর্বা… আমি এটা অস্বীকার করব কী করে? কিন্তু আমি আক্রমণ কখন করলাম? আমি তো আমার একটাও কথা বলিনি। আমি বারবার বলছি, আমি এভিডেন্সের কথা বলছি, তথ্য যা বলছে সেটাই বলছি।”
এদিন নিজের দাবির স্বপক্ষে আরও এক ধাপ এগিয়ে অনন্ত মহারাজ দাবি করেন, নেতাজিকে নিয়ে এই ধরনের কথা নাকি প্রথম জওহরলাল নেহরুই বলেছিলেন। তাঁর প্রশ্ন, জওহরলাল নেহরু যা বলেছেন, সেটাই যদি তিনি পুনরাবৃত্তি করে থাকেন, তবে তাতে তাঁর মিথ্যে বলার বা অপরাধ করার প্রশ্ন কোথায় আসছে? সরকারের উচিত এর সত্যতা যাচাই করা।
ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্য সরকার তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করে নিয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। তবে শাসকদলের তরজা এবং তীব্র রাজনৈতিক সমালোচনার মুখেও নিজের মন্তব্যে অনড় থেকে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন এই বিজেপি সাংসদ।