“১০-১৫ টাকার ভাড়া একলাফে আকাশছোঁয়া!”-বাস স্ট্যান্ডে খুদে পড়ুয়াদের ‘প্রতিবাদি মিছিল’

কয়েক মাস আগেই NEET প্রশ্নফাঁস ইস্যুতে দিল্লির রাস্তায় ‘জেন জ়ি’-দের উত্তাল আন্দোলন দেখেছিল দেশবাসী। সেই স্মৃতি টাটকা থাকতেই এবার মধ্যপ্রদেশের বিদিশায় দেখা মিলল এক নতুন প্রজন্মের প্রতিবাদের। তবে এবার কোনো পরীক্ষা বা নিয়োগ সংক্রান্ত বিষয় নয়, বরং বাসের অস্বাভাবিক ভাড়াবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামল একদল খুদে পড়ুয়া। এই ঘটনায় রীতিমতো চাপে পড়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিল স্থানীয় প্রশাসন।

বিদিশা জেলার সিরাজ এলাকার আশেপাশের গ্রামীণ অঞ্চল থেকে প্রতিদিন বাসেই স্কুলে যাতায়াত করে ছাত্রীরা। তাদের অভিযোগ, আগে যে রুটে বাসের ভাড়া ছিল ১০ থেকে ১৫ টাকা, বেসরকারি বাস মালিকরা একধাক্কায় তা অনেকটা বাড়িয়ে দিয়েছেন। খেটে খাওয়া সীমিত আয়ের পরিবারগুলোর পক্ষে প্রতিদিনের এই বাড়তি খরচ জোগানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে পড়াশোনায় ছেদ পড়ার আশঙ্কায় প্রতিবাদে ফেটে পড়ে ওই পড়ুয়ারা।

মঙ্গলবার বাস স্ট্যান্ডে শুরু হয় পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। দীর্ঘ আধঘণ্টা ধরে চলে স্লোগান ও প্রতিবাদ। স্থানীয় বিধায়ক উমাকান্ত শর্মার কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানান তারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছন মহকুমাশাসক (SDM) ওম নারায়ণ বাদকুল, এসডিওপি এবং স্থানীয় থানার আধিকারিকরা।

প্রশাসনকে সরাসরি সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা বিস্তারিত তুলে ধরে ওই পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসডিএম ওম নারায়ণ বাদকুল আশ্বাস দিয়ে বলেন, “আমরা ছাত্রীদের সমস্যা ও দাবির কথা শুনেছি। গ্রামীণ এলাকা থেকে আসা পড়ুয়ারা যাতে আগের ভাড়াতেই যাতায়াত করতে পারে, তার জন্য খুব শীঘ্রই বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠক ডাকা হবে। সমস্যাটি দ্রুত সমাধানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রশাসনের লিখিত আশ্বাস এবং সুনির্দিষ্ট আলোচনার প্রতিশ্রুতির পর বিক্ষোভ প্রত্যাহার করে নেয় খুদে পড়ুয়ারা। কিন্তু ছোটদের এই সম্মিলিত প্রতিবাদ আবারও প্রমাণ করল, নিজেদের অধিকার আদায়ে বয়সের বাধা কোনো অন্তরায় নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *