রান্নাঘরের চিমনি পরিষ্কার রাখা নিয়ে টেনশন? রইল তেল-কালি দূর করার সহজ ৬টি অব্যর্থ উপায়!

রান্নাঘর পরিষ্কার রাখা মানেই এক বিরাট ঝক্কির কাজ। একদিকে যেমন তেল-মশলার কালিতে রান্নাঘর দ্রুত নোংরা হয়ে যায়, তেমনই তা পরিষ্কার করতে গিয়ে কালঘাম ছুটে যায়। তবে রান্নাঘরে চিমনি (Kitchen Chimney) থাকলে এই কাজের অনেকটাই বাঁচোয়া হয়। রান্নার সমস্ত তেল, ধোঁয়া ও কালি শোষণ করে রান্নাঘর পরিষ্কার রাখতে সাহায্য করে এই যন্ত্রটি। কিন্তু দিনের পর দিন তেল ও কালি শোষণ করতে করতে চিমনি নিজেও মারাত্মক নোংরা হয়ে পড়ে। সেটিকে নিয়মিত পরিষ্কার না করলে অল্প কদিনের মধ্যেই যন্ত্রটি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হতে পারে। তাই রান্নাঘরের চিমনিকে দীর্ঘদিন ভালো রাখতে এবং ঝকঝকে রাখতে রইল সহজে ঘরোয়া উপায়ে চিমনি পরিষ্কার করার দারুণ ৬টি উপায় (Cooking Tips)।
চিমনির তেল-ময়লা দূর করার ৬টি সহজ উপায়:
১. ভিনিগার (Vinegar):
রান্নার পদের স্বাদ বাড়াতে ভিনেগারের জুড়ি মেলা ভার, পাশাপাশি তেল, কালি ও গ্রিজ পরিষ্কার করার ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকরী। এর জন্য একটি পরিষ্কার ন্যাপকিন বা সুতির কাপড় সাদা ভিনেগারে ভালো করে ভিজিয়ে নিন। এবার চিমনির বাইরের অংশে সেটি ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই চিমনির ওপর জমে থাকা তেলচিটে ভাব সহজেই উঠে যাবে।
২. কস্টিক সোডা (Caustic Soda):
বহু দিন ধরেই জেদি তেল, কালি ও গ্রিজ পরিষ্কার করতে কস্টিক সোডার ব্যবহার হয়ে আসছে। এর জন্য একটি বালতিতে পর্যাপ্ত পরিমাণে গরম জল নিন। তাতে খানিকটা কস্টিক সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার সেই মিশ্রণটি চিমনির ওপর ভালোভাবে লাগিয়ে বা ছড়িয়ে প্রায় ঘণ্টা তিনেক রেখে দিন। এরপর হালকা হাতে ঘষে মুছে নিলেই সমস্ত তেলচিটে ময়লা পরিষ্কার হয়ে যাবে। (সতর্কতা: কস্টিক সোডা ব্যবহারের সময় হাতে গ্লাভস পরে নেওয়া ভালো।)
৩. বাসন পরিষ্কারের তরল সাবান (Dishwash Liquid):
যে লিকুইড সোপ দিয়ে আমরা প্রতিদিন থালাবাসন পরিষ্কার করি, তা চিমনির ফিল্টার পরিষ্কার করার জন্যও দারুণ উপযোগী। প্রথমে চিমনির ফিল্টারটি সাবধানে খুলে নিন এবং জলে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি বড় পাত্রে গরম জল নিয়ে তাতে খানিকটা বাসন পরিষ্কারের তরল সাবান মিশিয়ে নিন। সেই জলে ফিল্টারটি কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিন।
৪. উষ্ণ গরম জল (Warm Water):
প্রতিদিনের বা নিয়মিত যত্নের জন্য এটি সবচেয়ে সহজ উপায়। প্রতিদিন রান্নার শেষে বা নিয়মিত হালকা উষ্ণ গরম জলের মধ্যে সামান্য সাবান মিশিয়ে একটি কাপড় দিয়ে চিমনির বাইরের অংশটা ভালো করে মুছে নিলে তাতে সহজে তেলচিটে ময়লা জমতে পারে না। এর ফলে আপনার চিমনি দীর্ঘদিন পরিষ্কার ও নতুনের মতো থাকে।
৫. বেকিং সোডা (Baking Soda):
চিমনির ফিল্টারগুলির ওপর প্রথমে পরিমাণমতো বেকিং সোডা ভালো করে ছড়িয়ে দিন। এরপর একটি পুরনো ব্রাশ নিয়ে ফিল্টারগুলো ভালোভাবে ঘষে নিন। দেখবেন তার মধ্যে জমে থাকা stubborn বা জেদি তেলচিটে ভাব নিমেষেই উঠে গেছে।
৬. মাইক্রোফাইফার কাপড় ও জলের ভাপ (Microfiber Cloth):
একটি বড় পাত্রে জল গরম হতে দিন। জলের মধ্যে চিমনির নেটের অংশটি বসিয়ে ভালো করে ফোটাতে থাকুন। জল ফুটে উঠলে পাত্রটি নামিয়ে নিন। এরপর গরম জল থেকে নেটটি তুলে একটি মাইক্রোফাইফার (Microfiber) কাপড় দিয়ে ভালোভাবে ঘষে নিন। এই পদ্ধতি ব্যবহার করলেই দেখবেন আপনার চিমনির নেটটি নিমেষেই আবার তার একেবারে নতুন রূপ ফিরে পেয়েছে।