রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী! বইয়ের নাম কী? জানুন বিশদে

বিজ্ঞান ভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আত্মজীবনীর শিরোনাম দেওয়া হয়েছে— “ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক: মাই লাইফ, মাই স্ট্রাগলস” (Triumph of the Indian Republic: My Life, My Struggles)।
যুব সমাজের জন্য অনুপ্রেরণা
বইটি প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “প্রাক্তন রাষ্ট্রপতির জীবনযাত্রা আপনারা ওনার নিজের শব্দেই জানুন। ওনার লেখনী ও অনুভূতিগুলো বর্তমান যুব সমাজের মধ্যে এক গভীর প্রভাব ফেলবে। এই বই থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। ওনার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল।”
পাশাপাশি মোদী আরও বলেন, “কোবিন্দজি তাঁর নিজের বইয়ের একটি অত্যন্ত সঠিক নামকরণও করেছেন। জীবনে ওঠাপড়া তো লেগেই থাকবে, বহু সংঘর্ষও আসবে। কিন্তু সেই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেই নিজের লক্ষ্যে পৌঁছতে হবে এবং জয় নিশ্চিত করতে হবে। আর এই জয় আসলে দেশের গণতন্ত্র ও লোকতন্দ্রের জয়।” তাঁর মতে, সাধারণ মানুষ অনেক সময় নিজের সফলতার কৃতিত্ব নিজে নিলেও ব্যর্থতার দায় সমাজের ঘাড়ে চাপিয়ে দেয়, কিন্তু মন উদার হলে মানুষ সবসময় সমাজের কল্যাণের কথাই ভাবে।
বইয়ে কী রয়েছে?
এই আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের শৈশব, প্রাথমিক জীবন এবং জীবনের নানা চড়াই-উতরাই ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সাধারণ এক জীবন থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছানোর অবিশ্বাস্য যাত্রার অভিজ্ঞতা ফুটিয়ে তোলা হয়েছে এতে। পাশাপাশি ভারতীয় গণতন্ত্র ও সমাজ গঠনে তাঁর অবদান এবং জীবনদর্শনে যে সমস্ত মূল্যবোধের প্রতিফলন ঘটেছে, তার এক অনন্য দলিল এই গ্রন্থ।
বইটিতে তাঁর প্রারম্ভিক জীবন থেকে শুরু করে দীর্ঘ জনজীবন এবং দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পর্যায়ের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। রামনাথ কোবিন্দের জীবনে যে সমস্ত ঘটনা বা পরিস্থিতি গভীর প্রভাব ফেলেছিল, তা তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকেই এই আত্মজীবনীতে তুলে ধরা হয়েছে।