১০০ কোটির প্লাস্টিক নোট আনছে RBI! পকেট থেকে কি চিরতরে গায়েব হবে পুরনো কাগজের টাকা?

নয়াদিল্লি: খুব শীঘ্রই ভারতীয় মুদ্রার বাজারে আসছে বড় বদল। কাগজের জমানা পেছনে ফেলে এবার বাজারে পা রাখতে চলেছে প্লাস্টিক বা পলিমার কারেন্সি নোট। প্রথম পর্যায়ে দেশের বাজারে আনা হচ্ছে ১০ এবং ২০ টাকার প্লাস্টিকের নোট। ইতিমধ্যেই এই পদক্ষেপে ছাড়পত্র দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এবং কেন্দ্রীয় সরকার। নতুন এই নোট চালুর খবর সামনে আসতেই সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে নানা প্রশ্ন—তাহলে কি এবার বাতিল হয়ে যাবে পুরোনো কাগজের নোট?
সংসদে কী জানাল কেন্দ্র?
প্লাস্টিকের ১০ ও ২০ টাকার নোট বাজারে নামানোর আগে শুরু হচ্ছে ফিল্ড ট্রায়াল। এই পরীক্ষার জন্য ইতিমধ্যেই ১০০ কোটি টাকার প্লাস্টিক নোটের অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যসভায় এক লিখিত জবাবে এই তথ্য স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, আরবিআই-এর কেন্দ্রীয় বোর্ডের সুপারিশ মেনেই ‘আর্িআই অ্যাক্ট, ১৯৩৪’-এর ২৫ নম্বর ধারা অনুযায়ী এই অনুমোদন দেওয়া হয়েছে।
কেন প্লাস্টিকের নোট আনছে সরকার?
কাগজের নোটের স্থায়িত্ব তুলনামূলক কম। সামান্য ব্যবহারেই তা ছিঁড়ে যাওয়া, নষ্ট হওয়া কিংবা জলে ভিজে যাওয়ার সমস্যা লেগেই থাকে। এই সমস্যার স্থায়ী সমাধান করতেই পলিমার বা প্লাস্টিকের নোট আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের নোট কাগজের নোটের তুলনায় বহুগুণ বেশি টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়।
শুধু স্থায়িত্বই নয়, নিরাপত্তার দিক থেকেও এই নোটগুলো অনেক বেশি আধুনিক। কাগজের নোটের তুলনায় এই নতুন নোটে উন্নত সিকিউরিটি ফিচার থাকবে, যার ফলে জাল নোটের কারবার রোধ করা অনেকটাই সহজ হবে বলে মনে করছেন অর্থ বিশেষজ্ঞরা।
কাগজের নোট কি তবে বাতিল হয়ে যাবে?
বাজারে প্লাস্টিকের নোট আসার খবর চাউর হতেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি এবার ১০ এবং ২০ টাকার কাগজের নোট চিরতরে তুলে নেওয়া হবে?
এই আশঙ্কার মেঘ আগেই দূর করেছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট বার্তা, কাগজের নোট বাতিলের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। এর সহজ অর্থ হলো, বাজারে প্লাস্টিকের নোট আসার পরেও ১০ ও ২০ টাকার কাগজের নোট আগের মতোই সচল থাকবে। অর্থাৎ, একই সঙ্গে বাজারে পাশাপাশি চলবে কাগজের এবং প্লাস্টিকের নোট। তাই নোট বাতিলের জল্পনায় কান না দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন সাধারণ মানুষ।
কবে থেকে হাতে মিলবে প্লাস্টিকের নোট?
কবে থেকে সাধারণ মানুষ এই প্লাস্টিকের নোট হাতে পাবেন, তা নিয়েও জল্পনা তুঙ্গে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছিলেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তাঁর ইঙ্গিত অনুযায়ী, ২০২৮ অর্থবর্ষের শুরুর দিকে এই পলিমার কারেন্সি নোট বাজারে চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই হিসেব ধরলে, মোটামুটি ২০২৭ সালের এপ্রিল মাসের কাছাকাছি সময়ে দেশে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিকের নোটের ব্যবহার শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।