আজও দুই বঙ্গে দুর্যোগের কালো মেঘ! কোন কোন জেলায় জারি হলো কড়া হলুদ সতর্কতা?

নতুন সপ্তাহের শুরুতেই আবহাওয়া নিয়ে এল নতুন আপডেট। আজও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ—উভয় অঞ্চলেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
দুই বঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা
আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) দুই বঙ্গেরই কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে রাজ্যজুড়ে বেশ কিছু জেলাকে হলুদ সতর্কতার আওতায় রাখা হয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কাল থেকেই উত্তরবঙ্গে হলুদ সতর্কতা উঠে গেলেও, আগামী ১৪ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা বহাল থাকবে।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতি ও নিম্নচাপের অবস্থান
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমি অক্ষরেখাটি বিকানের, গোয়ালিয়র, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, সংলগ্ন ছত্তিশগড়ের উপর অবস্থিত নিম্নচাপ এলাকার কেন্দ্র এবং পুরী হয়ে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই মূলত এই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
কোন কোন জেলায় রয়েছে হলুদ সতর্কতা?
ইতিমধ্যেই একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে বীরভূম, বাঁকুড়ার মতো একাধিক জেলা। কোথাও জল জমেছে, তো কোথাও আবার সেতু ভেঙে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। তার মাঝেই ফের নতুন করে দুর্যোগের আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস।
আজ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।