Recipe: মা-ঠাকুমাদের হাতের সেই পুরনো জাদুকরী স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন জিভে জল আনা কচুর শাক-পুঁটি মাছ

ব্যস্ততার যুগে আজকাল অনেকেরই ঠিকঠাক সময় করে রান্না করার সুযোগ হয়ে ওঠে না। আবার পুরনো দিনের বহু সুস্বাদু রান্নার প্রণালীও অনেকের অজানা। তবে মা-ঠাকুমাদের আমলের সেই হারিয়ে যাওয়া স্বাদের ছোঁয়া পেতে আজই ট্রাই করতে পারেন জিভে জল আনা ‘কচুর শাক দিয়ে পুঁটি মাছ’। ঘরে হঠাৎ অতিথি চলে এলে কিংবা সাধারণ দিনে পাতে একটু ভিন্ন স্বাদের খোঁজ থাকলে, ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ট্র্যাডিশনাল পদটি।

প্রয়োজনীয় উপকরণ:
পুঁটি মাছ

কচুশাক

সরষের তেল

পাঁচফোড়ন

চেরা কাঁচালঙ্কা

রসুন কোয়া (থেঁতো করা)

হলুদ গুঁড়ো

নুন

সামান্য চিনি

তৈরির সহজ প্রণালী:
শাক প্রস্তুত করা: প্রথমে কচুশাক ভালো করে কেটে পরিষ্কার করে নিন। এরপর সামান্য নুন দিয়ে শাকটি ভাপিয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে রাখুন।

মাছ ভাজা: টাটকা পুঁটি মাছ ভালো করে ধুয়ে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিন। এবার কড়াইতে সরিষার তেল গরম করে পুঁটি মাছগুলি মুচমুচে করে ভেজে একটি পাত্রে তুলে রাখুন।

কষানোর পর্ব: ওই কড়াইতে বেঁচে থাকা তেলে পাঁচফোড়ন ও থেঁতো করা রসুন ফোড়ন দিন। সুগন্ধ বের হলে আগে থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা কচুশাক, চেরা কাঁচালঙ্কা, স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিন। এবার মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকাতে ভালো করে কষাতে থাকুন।

মাছ মেশানো: শাক থেকে জল সম্পূর্ণ শুকিয়ে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন ভেজে রাখা পুঁটি মাছগুলি শাকে দিয়ে দিন।

পরিবেশন: সবশেষে স্বাদমতো সামান্য চিনি ছিটিয়ে মাছ ও শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। নামানোর আগে উপর থেকে সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অসাধারণ স্বাদের কচুর শাক-পুঁটি!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *