অস্ত্রোপচারের পর কেমন আছেন মিঠুন? আগামীকালই কি হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন অভিনেতা?

অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত দু’দিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্থিতিশীল রয়েছেন বলেই হাসপাতাল সূত্রের দাবি।
অস্ত্রোপচার ও শারীরিক আপডেট
জানা গেছে, এর আগেও মিঠুন চক্রবর্তীর ডান হাতে একবার অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ ও পূর্ববর্তী শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার ফের তাঁর ডান হাতে অস্ত্রোপচার করা হলো। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে এই অস্ত্রোপচার, সে বিষয়ে অভিনেতার পরিবার বা হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হাসপাতালে শুভেন্দু অধিকারী
এদিকে, মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর পেয়ে শুক্রবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালে পৌঁছে তিনি প্রবীণ অভিনেতার সঙ্গে দেখা করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।
শুভেন্দু অধিকারীকে হাসপাতালে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তিনি পুষ্পস্তবক দিয়ে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানান। পাশাপাশি, এদিন সকাল থেকেই অভিনেতা-নেতাকে দেখতে হাসপাতাল চত্বরে প্রচুর বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড় জমা হতে দেখা যায়। সকলেই মহাগুরুর দ্রুত আরোগ্য কামনা করছেন।