সংরক্ষিত কামরায় উঠলেই পকেট ফাঁক! রেলের নতুন কড়া নিয়মে বাড়ল বিপুল জরিমানা

যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সংরক্ষিত কামরায় অনধিকার প্রবেশ ও বিভিন্ন অনিয়ম কঠোর হাতে আটকাতে রেলওয়ে আইনে (Indian Railways) বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র। রেলওয়ে আইন ১৯৮৯-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারায় বড় ধরনের সংশোধন করা হয়েছে। রেলের এই নতুন ও কড়া নিয়মে বিনা টিকিটে ভ্রমণ, সংরক্ষিত কামরায় অনধিকার প্রবেশ, প্রতিবন্ধী ও মহিলাদের সংরক্ষিত আসন দখল এবং টিকিটের অবৈধ হস্তান্তরের ক্ষেত্রে জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

কোন অপরাধে কী শাস্তি ও জরিমানা?
নতুন সংশোধিত আইন অনুযায়ী বিভিন্ন ধারায় জরিমানার যে নতুন নিয়ম চালু হয়েছে, তা একনজরে দেখে নেওয়া যাক:

বিনা টিকিটে ভ্রমণ (ধারা ১৩৭): সংশোধিত আইন অনুযায়ী, টিকিট ছাড়া বা প্রতারণার মাধ্যমে ভ্রমণ করলে অভিযুক্ত যাত্রীকে মূল ভাড়ার পাশাপাশি মোটা অঙ্কের অতিরিক্ত চার্জ দিতে হবে। এই অতিরিক্ত চার্জের ন্যূনতম পরিমাণ ৫০০ টাকা। অভিযুক্ত ব্যক্তি এই অর্থ পরিশোধ করতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা গড়াতে পারে। আইনি জল আদালত পর্যন্ত গড়ালে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে।

সংরক্ষিত কামরায় অনধিকার প্রবেশ (ধারা ১৫৫): রেলের ধারা ১৫৫ অনুযায়ী, সংরক্ষিত কামরায় বিনা টিকিটে বা অনধিকার প্রবেশ করলে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, কোনো প্রকৃত যাত্রীর প্রবেশে বাধা সৃষ্টি করলে জরিমানা দিতে হবে সর্বোচ্চ ১০০০ টাকা। যাত্রী এই জরিমানা দিতে অস্বীকার করলে আদালত সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করতে পারে এবং অভিযুক্তকে সংশ্লিষ্ট কামরা থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে।

মহিলাদের সংরক্ষিত আসনে বেআইনি প্রবেশ (ধারা ১৬২): মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় বা আসনে বেআইনিভাবে প্রবেশের ক্ষেত্রে জরিমানা আরও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা অমান্য করলে আদালত সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে।

টিকিটের অবৈধ হস্তান্তর (ধারা ১৪২): নিয়মের বাইরে গিয়ে টিকিটের অবৈধ হস্তান্তরের ক্ষেত্রে এবার থেকে সরাসরি টিকিট বাজেয়াপ্ত করা হবে। তার পাশাপাশি মূল ভাড়ার সমপরিমাণ অতিরিক্ত চার্জ সহ ন্যূনতম ৫০০ টাকা জরিমানা আদায় করা হবে। অর্থ অনাদায়ে আদালত সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড কিংবা ২০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডই দিতে পারে।

অনুমোদিত দূরত্বের বেশি ভ্রমণ (ধারা ১৩৮): নির্দিষ্ট দূরত্বের চেয়ে বেশি পথ টিকিট ছাড়া ভ্রমণ করার ক্ষেত্রে ভাড়ার পার্থক্যের সঙ্গে দিতে হবে অতিরিক্ত চার্জ, যার ন্যূনতম পরিমাণ ৫০০ টাকা। এই অর্থ পরিশোধ না করলে আদালত ১০ দিন থেকে এক মাস পর্যন্ত জেলের নির্দেশ দিতে পারে।

রেলযাত্রীদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতেই ভারতীয় রেলের এই কঠোর পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সুতরাং, এখন থেকে ট্রেনে যাতায়াতের সময় রেলের নিয়ম ভাঙলে পকেট খালি হওয়ার সঙ্গে সঙ্গে জেলের হাওাও খেতে হতে পারে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *