কাতলার ঝোল খেয়েবড়ে বোরিং? বানিয়ে ফেলুন জিভে জল আনা কাতলা মাছের চচ্চড়ি! রইল সহজ রেসিপি

ইলিশ বা চিংড়ি বাঙালির অতি প্রিয় মাছ হলেও প্রতিদিন তো আর হেঁশেলে সেগুলি ঢোকানো সম্ভব নয়। তাই বাঙালির রোজকার মাছের তালিকায় খুব সহজেই জায়গা করে নিয়েছে রুই ও কাতলার মতো সুস্বাদু মাছ। দামে সাশ্রয়ী এবং সহজেইলভ্য হওয়ায় সাধারণ ঘরের হেঁশেল থেকে শুরু করে অনুষ্ঠানবাড়ির মেনু—সব জায়গাতেই এই মাছের কদর রয়েছে। সাধারণত আলু দিয়ে ঝোল বা মশলাদার কালিয়া হিসেবেই কাতলা মাছ বেশি রান্না করা হয়। তবে আপনি যদি ভেবে থাকেন কাতলার দৌড় কেবল এতেই সীমাবদ্ধ, তবে ভুল করছেন! খুব কম উপকরণ ও অল্প সময়েই বানিয়ে ফেলা সম্ভব ঝাল ঝাল কাতলা মাছের চচ্চড়ি। জেনে নিন এর সহজ রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ
কাতলা মাছ: ৬-৭ টুকরো (ছোট করে কাটা)
মাছের তেল: ৫০ গ্রাম
পেঁয়াজ: ৩-৪ টি
রসুন: ৭-৮ কোয়া
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
জিরে গুঁড়ো: ১ চা চামচ
কাঁচালঙ্কা: ৪-৫ টি
ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ
সর্ষের তেল ও নুন: পরিমাণমতো
রান্নার সহজ প্রণালী
১. প্রস্তুতি: প্রথমে পেঁয়াজের টুকরো এবং রসুন একসঙ্গে বেটে পেস্ট তৈরি করে নিন। অন্যদিকে কাতলা মাছের ছোট টুকরোগুলি এবং মাছের তেল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।
২. মাখা: এবার একটি কড়াইতে মাছ ও মাছের তেল একসঙ্গে নিয়ে তার মধ্যে পেঁয়াজ-রসুন বাটা দিয়ে দিন। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন এবং পরিমাণমতো সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিন।
৩. রান্না: এবার কড়াইটি গ্যাস ওভেনে বসিয়ে মাঝারি আঁচে মাছ ও মশলা একসঙ্গে কষাতে থাকুন। তবে খেয়াল রাখবেন, মাছ যাতে ভেঙে না যায়, তাই খুব সাবধানে খুন্তি নাড়তে হবে।
৪. পরিবেশন: মশলা থেকে তেল ছাড়লে সামান্য জল দিন যাতে পদটি মাখোমাখো হয়। এরপর কড়াই ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিন। ঢাকনা খুলে ওপর থেকে কয়েকটি চেরা কাঁচালঙ্কা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস! গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত সুস্বাদু কাতলা মাছের চচ্চড়ি।