ধর্ষণে জেল খেটেও শিক্ষা হয়নি! জামিনে মুক্ত হয়ে ফের নাবালিকাকে কুকর্ম, পরিণতি দেখে শিউরে উঠবেন

ন্যক্কারজনক ঘটনা! ২০২৩ সালে এক নাবালিকাকে ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত হিসেবে জেলও খেটেছিল এক ব্যক্তি। কিন্তু জেল খেটেও তার কোনও শিক্ষা হয়নি! সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে এসে ফের একই কুকীর্তি ঘটানোর অভিযোগ উঠল সেই ব্যক্তির বিরুদ্ধে। ঝাড়খণ্ডের চাতরা জেলার এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ধর্ষণের অভিযোগে জেল খাটা ব্যক্তি জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরেই আবার একই কাণ্ড ঘটানোয় আইন নিজের হাতে তুলে নেয় ক্ষুব্ধ জনতা।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, গত সোমবার সন্ধ্যায় শৌচকার্য সারতে বাড়ি থেকে বেরিয়েছিল এক কিশোরী। অভিযোগ, সেই সুযোগেই ওই ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সারারাত মেয়ের খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি পরিবার, পাশাপাশি এলাকার মানুষজনও খোঁজাখুঁজি করেন।
পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে নির্যাতিতা কিশোরী বাড়ি ফিরে এসে পরিবারের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। রাগে ফেটে পড়েন পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে তার বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে লাঠি ও পাথর দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা এলাকা।
পুলিশের পদক্ষেপ ও প্রশাসনের প্রতিক্রিয়া
চাতরার টান্ডওয়া মহকুমার পুলিশ আধিকারিক (SDPO) প্রভাত রঞ্জন বারওয়ার জানিয়েছেন, নির্যাতিতার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি ২০২৩ সালে এক নাবালিকাকে ধর্ষণের মামলায় জেলে ছিল এবং সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিল। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে, ঝাড়খণ্ড স্টেট মাইনরিটি কমিশনের চেয়ারম্যান হেদায়াতুল্লাহ খান এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। তিনি ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানোর পাশাপাশি চাতরার জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই একটি প্রতিনিধি দল চাতরা গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে।