শ্রাবণের নিরামিষের দিনে পাতে থাকুক রেস্তোরাঁ স্টাইলের পনির মালাই কোর্মা! রইল সহজ রেসিপি

উপকরণ:
পনির – ৩০০ গ্রাম
টমেটো কুচি – ১ কাপ
আদা বাটা – ১ চা চামচ
কাঁচালঙ্কা বাটা – ১ টেবিল চামচ
পোস্ত – ১ টেবিল চামচ
নারকেল কোরা – ১ টেবিল চামচ
কাজু বাদাম – ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
ধনেপাতা কুচি – ১ চা চামচ
এলাচ – ৩-৪ টি
তেজপাতা – ২ টি
নুন ও সামান্য চিনি (স্বাদমতো)
রান্নার তেল বা ঘি
প্রণালী:
১. প্রথমে মিক্সিতে কাজুবাদাম, পোস্ত এবং নারকেল কোরা একসঙ্গে ভালোভাবে বেটে একটি পেস্ট তৈরি করে রাখুন।
২. এবার কড়াইতে তেল বা ঘি গরম করে টুকরো করে কাটা পনিরগুলো হালকা সোনালী করে ভেজে তুলে নিন এবং জলে ভিজিয়ে রাখুন যাতে নরম থাকে।
৩. ওই তেলেই ফোড়ন হিসেবে তেজপাতা ও এলাচ দিন। সুগন্ধ বের হলে তাতে টমেটো কুচি দিয়ে দিন।
৪. টমেটো কিছুটা নরম হয়ে এলে তাতে আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।
৫. মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে বেটে রাখা কাজু, পোস্ত ও নারকেলের পেস্টটি দিয়ে দিন। সব উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে নিন।
৬. মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলি তার মধ্যে দিয়ে দিন।
৭. পনির দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণমতো জল দিন। ঝোল ভালোভাবে ফুটে উঠলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
৮. ব্যস, গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত সুস্বাদু ‘পনিরের মালাই কোর্মা’!