সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া! কোন কোন জেলায় জারি হল সতর্কতা?

রবিবারের পর সপ্তাহের শুরুতেই দুর্যোগ কাটছে না বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

সোমবার (৩ অগস্ট) পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। এছাড়া আগামী ৫ অগস্ট বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলছে বৃষ্টিপাত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার— এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সবমিলিয়ে সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে চুটিয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *