কোটি টাকার সরকারি ভর্তুকি! উদ্যানপালন চাষে ভাগ্য বদলাতে বড় পদক্ষেপ কেন্দ্রের, কারা পাবেন সুবিধা?

উদ্যানপালন চাষে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং কৃষকদের আর্থিকভাবে উৎসাহিত করতে এক বিরাট উদ্যোগ নিল কেন্দ্র সরকারের ন্যাশনাল হর্টিকালচার বোর্ড (NHB)। সম্প্রতি মালদহের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত এক জেলা স্তরের সচেতনতামূলক কর্মসূচিতে কৃষক, উদ্যোক্তা, এফপিও, এফপিসি, স্টার্ট-আপ এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
প্রকল্পের সুবিধা ও ভর্তুকির পরিমাণ
এনএইচবি-র রাজ্য ডেপুটি ডিরেক্টর ড. তপন কুমার গিরি জানান, আনারস, আম, লিচু, সবজি, ফুল, মাশরুম এবং ঔষধি উদ্ভিদ-সহ প্রায় ৮০ ধরনের উদ্যানপালন ফসলের ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। প্রকল্প ব্যয়ের ভিত্তিতে সর্বোচ্চ ২ কোটি টাকার প্রোজেক্টে ১ কোটি টাকা পর্যন্ত ভর্তুকি মিলবে।
সংরক্ষিত চাষাবাদের ক্ষেত্রে ৫০ শতাংশ এবং খোলা চাষাবাদের ক্ষেত্রে ৪০ শতাংশ ভর্তুকির ব্যবস্থা রয়েছে।
সংরক্ষিত চাষাবাদের জন্য ন্যূনতম ১ একর এবং খোলা চাষাবাদের জন্য ৫ একর জমির প্রয়োজন।
নেট হাউস, গ্রিন হাউস, প্যাক হাউস, কোল্ড স্টোরেজ, বাণিজ্যিক উদ্যানপালন ও ফসল-পরবর্তী পরিকাঠামো নির্মাণেও এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় নথি
কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দুষ্মন্ত কুমার রাঘব বলেন, এই প্রকল্প মালদহের উদ্যানপালন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। আগ্রহী ব্যক্তিরা কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.nhb.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য ভোটার কার্ড, জমির পর্চা অথবা ১০-১৫ বছরের দীর্ঘমেয়াদি ইজারা দলিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথির প্রয়োজন হবে। এ ছাড়াও আবেদন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য সরাসরি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। কর্মসূচিতে অংশ নেওয়া কৃষক অনুপ প্রসাদ সাউ জানান, এই ধরনের অনুদান ও ভর্তুকি কৃষকদের আধুনিক চাষাবাদে আরও বেশি উৎসাহিত করবে এবং জেলার বাণিজ্যিক অগ্রগতি ঘটাবে। এদিনের এই কর্মশালায় প্রায় ১৫০ জন কৃষক, বিজ্ঞানী, ব্যাঙ্কার, সরকারি আধিকারিক ও উদ্যোক্তা অংশ নেন।