প্যান কার্ডে এই ৭টি ছোট ভুলই আটকে দিতে পারে আপনার টাকা! রিফান্ড পেতে হলে আজই সংশোধন করুন

ভারতের প্রতিটি নাগরিক, বিশেষ করে যারা করদাতা, তাঁদের জন্য প্যান কার্ড (PAN Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইনি নথি। ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করার সময় অনেকেই ছোটখাটো কিছু ভুুলের কারণে বড় বিপাকে পড়েন। বিশেষ করে আপনার প্যান কার্ডে যদি কিছু নির্দিষ্ট ভুল থেকে থাকে, তবে ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে মারাত্মক দেরি হতে পারে কিংবা টাকা আটকে যেতে পারে। রিফান্ডের প্রক্রিয়া দ্রুত ও মসৃণ করতে কোন ৭টি বিষয়ের প্রতি নজর রাখা জরুরি, তা জেনে নিন এক নজরে।
১. আধার কার্ডের সঙ্গে লিংক না থাকা
সবসময় খেয়াল রাখবেন আপনার প্যান কার্ডের সঙ্গে যাতে আধার কার্ডের লিঙ্ক করা থাকে। যদি এখনও লিঙ্ক করা না থাকে, তবে অবিলম্বে তা সেরে ফেলুন, নতুবা ট্যাক্স ফাইলিং ও রিফান্ড পেতে সমস্যা হতে পারে।
২. ভুল প্যান নম্বর দেওয়া
ইনকাম ট্যাক্স ফাইল করার সময় ভুলেও ভুল প্যান নম্বর এন্ট্রি করবেন না। এর ফলে ট্যাক্স রেকর্ড, টিডিএস (TDS) ক্রেডিট এবং রিফান্ড পাওয়ার প্রক্রিয়ায় গুরুতর ‘মিসম্যাচ’ বা অমিল দেখা দিতে পারে।
৩. নামের বানান বা জন্মতারিখে অমিল
প্যান কার্ডের বিভিন্ন ডিজিট বা তথ্যের সঙ্গে আধার কার্ডের তথ্যের নিখুঁত মিল থাকা আবশ্যক। বিশেষ করে নামের বানান, পদবি কিংবা জন্মতারিখের মতো সংবেদনশীল তথ্যগুলি দু’টি নথিতে একদম এক হতে হবে।
৪. ব্যাংক অ্যাকাউন্ট আপডেট না রাখা
রিফান্ডের টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে আসার জন্য সঠিক এবং সচল ব্যাংক অ্যাকাউন্ট আপডেট রাখা বাধ্যতামূলক। ব্যাংক ডিটেলসে ভুল থাকলে রিফান্ড আটকে যায়।
৫. কেওয়াইসি (KYC) আপডেট না থাকা
আপনার প্যান কার্ডের কেওয়াইসি তথ্য সম্পূর্ণ ও আপডেট রয়েছে কিনা তা নিশ্চিত করুন। এছাড়া ইনকাম ট্যাক্স ফাইল করার সময় সমস্ত তথ্য যেন নির্ভুল হয়, সেদিকে বিশেষ নজর দিন।
৬. টিডিএস (TDS) ডিটেলস ও ফর্ম মেলানো
ফাইলিংয়ের আগে টিডিএস-এর ডিটেলস অবহেলা করবেন না। ফর্ম ২৬এএস (Form 26AS) এবং অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট (AIS)-এর সঙ্গে নিজের আয়ের সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিন।
৭. ইনঅ্যাক্টিভ প্যান বা পুরোনো যোগাযোগের মাধ্যম ব্যবহার
ইনঅ্যাক্টিভ প্যান: কোনো কারণে আপনার প্যান কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে কি না, আইটিআর ফাইল করার আগে প্যান কার্ডের স্ট্যাটাস অনলাইনে একবার ভেরিফাই করে নিন।
মোবাইল ও ইমেল: আপনার বর্তমান মোবাইল নম্বর এবং ইমেইল আইডি সবসময় প্যান ও ব্যাংক অ্যাকাউন্টে আপডেট রাখুন। কারণ রিফান্ড ও ফাইলিং সংক্রান্ত সমস্ত ওটিপি (OTP) বা জরুরি আপডেট এই মাধ্যমগুলি দিয়েই পাওয়া যায়।