নীল সরাতেই গেরুয়া জার্সি! হকি দলের নতুন রং নিয়ে রাজনৈতিক ঝড়, প্রিয়াঙ্কার নিশানায় কেন্দ্র

ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে গেরুয়া রঙের নতুন কিট প্রকাশ করতেই ভারতীয় হকি দলকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। দীর্ঘদিন ধরে ‘মেন ইন ব্লু’ নামে পরিচিত ভারতীয় দল এবার নতুন রঙের জার্সিতে মাঠে নামবে, যা নিয়ে মুখ খুলেছেন একাধিক বিরোধী নেতা থেকে শুরু করে খোদ দলের প্রাক্তন অধিনায়কও।
সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, জার্সির রং বদলানো আসলে ইতিহাস বদলে দেওয়ার চেষ্টারই অংশ। প্রিয়াঙ্কার কথায়, সরকার যতই ইউনিফর্ম বা শিক্ষানীতি বদলানোর চেষ্টা করুক না কেন, দেশের যুবসমাজ নিজেদের মতামত স্পষ্ট করে দিয়েছে। পাশাপাশি, ভারতীয় হকি দলের জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন দলের প্রাক্তন অধিনায়ক ভিরেন রাসকিনহাও। এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে তিনি লেখেন, হকি দলের পরিচয় ও ঐতিহ্য বরাবরই নীল রঙের সঙ্গে জড়িত, তাই এই হঠাৎ পরিবর্তন অত্যন্ত লজ্জাজনক। প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও সমাজবাদী পার্টির নেতা উদয়বীর সিং, আরজেডি সাংসদ সুধাকর সিং এবং সুখদেব ভগত এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে সমস্ত বিতর্কের মুখে পড়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে হকি ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বদলের নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই, বরং এটি সম্পূর্ণ প্রযুক্তিগত প্রয়োজনে নেওয়া হয়েছে। হকি ইন্ডিয়ার ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক মানের নীল সিন্থেটিক হকি টার্ফের রঙের সঙ্গে আগের নীল জার্সি মিশে যাচ্ছিল, যার ফলে মাঠে খেলোয়াড়দের আলাদাভাবে চিনতে সমস্যা হচ্ছিল। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের পরামর্শেই দৃশ্যমানতা বাড়াতে এই গেরুয়া রং বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, এর আগেও ২০১৪ হকি বিশ্বকাপে হলুদ এবং ২০১৮ বিশ্বকাপে আকাশি নীল জার্সি পরে খেলেছে ভারতীয় দল।