‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’য়, কীভাবে পাবেন কার্ড? শর্ত না মানলে বাতিল অ্যাপ্লাই!

আগামী ১৬ অগাস্ট রাজ্যজুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে ‘আয়ুষ্মান দিবস’। ওই বিশেষ দিনেই রাজ্যের ৭০ বছর বা তার বেশি বয়সী প্রায় ৪০ লক্ষ প্রবীণ নাগরিকের হাতে তুলে দেওয়া হবে কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগের ‘আয়ুষ্মান ভারত’ কার্ড। তবে যাঁরা বয়স বা নির্দিষ্ট সামাজিক মানদণ্ডের কারণে আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না, তাঁদের চিন্তার অবসান ঘটিয়ে বড় সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যবাসীর জন্য সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য় পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করতে চলেছে নতুন প্রকল্প— ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’। গত ২২ জুলাই রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর ২৫ জুলাই স্বাস্থ্য দফতর এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ও শর্তাবলী প্রকাশ করেছে।
কী এই ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’?
এই প্রকল্পের আওতায় প্রতিটি তালিকাভুক্ত পরিবার প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, বর্তমানে আয়ুষ্মান পোর্টালে পুরনো ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের তথ্য যুক্ত করার কাজ চলছে। যতদিন পর্যন্ত প্রত্যেকের হাতে নতুন কার্ড পৌঁছাচ্ছে, ততদিন স্বাস্থ্যসাথী পরিষেবা চালু থাকবে। ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে বিনামূল্যে ডিজিটাল কার্ড সংগ্রহ করতে হবে।
কারা পাবেন না এই বিমার সুবিধা? (শর্তাবলী)
স্বাস্থ্য দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বজনীন মনে হলেও নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষ এই সুবিধার বাইরে থাকবেন:
-
আয়ের সীমা: পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি হলে এই প্রকল্পের আবেদন গ্রাহ্য হবে না।
-
অন্যান্য স্বাস্থ্যবিমার গ্রাহক: ‘পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম ২০০৮’ (WBHS) ও কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প (CGHS 1954)-এর আওতাভুক্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মীরা সুবিধা পাবেন না।
-
মেডিক্যাল অ্যালাওয়েন্স: যাঁদের গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্স রয়েছে অথবা সরকারি নিয়মে মাসে মাসে মেডিক্যাল অ্যালাওয়েন্স পান, তাঁরাও বাদ পড়বেন।
-
৭০ ঊর্ধ্ব প্রবীণরা: পরিবারের যে সদস্যদের বয়স ৭০ বছরের বেশি, তাঁরা সরাসরি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় আসবেন, তাই এই রাজ্য স্কিমে থাকবেন না।
-
এসআইআর (SIR) তালিকা বহির্ভূত: এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ারাও এই বিমার আওতাভুক্ত হতে পারবেন না।
চিকিৎসা ও পরিষেবা পাওয়ার নিয়ম
চিকিৎসার খরচ, কভার হওয়া জটিল ব্যাধি এবং হাসপাতালের তালিকা— সমস্ত কিছুই ‘আয়ুষ্মান ভারত’ যোজনার নির্দিষ্ট রেট ও গাইডলাইন অনুযায়ী পরিচালিত হবে। আবেদনের সময় এবং হাসপাতালে ভর্তির জন্য আধারভিত্তিক বায়োমেট্রিক বা ডিজিটাল যাচাইকরণ সম্পূর্ণ বাধ্যতামূলক।