“স্বামীর ক্ষমতার কাছে আমি হার মেনেছিলাম…” বাদশার বিরুদ্ধে স্ত্রীর বিস্ফোরক পোস্ট, চরম কোন্দল পরিবারে!

জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশা এবং তাঁর স্ত্রী তথা পঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির বিবাহিত জীবনে চিড় ধরার প্রবল জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ইশা রিখির সোশ্যাল মিডিয়া পোস্ট এবং তাঁর মায়ের শেয়ার করা একাধিক রহস্যময় বার্তা এই বৈবাহিক কলহের আগুনে ঘি ঢেলেছে।
মাত্র কয়েক মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সম্পর্কে ঠিক কী ঘটেছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা চলছে।
“স্বামীর প্রভাব আর ক্ষমতায় আমি ভয় পেয়েছিলাম”: ইশার বিস্ফোরক বারাত
ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ইশা রিখি নিজের মানসিক সংগ্রামের কথা তুলে ধরেছেন। তিনি লেখেন:
“এমন কিছু লড়াই থাকে যা শরীরে কোনো দৃশ্যমান ক্ষত রেখে যায় না। দীর্ঘ দিন ধরে আমি চুপ ছিলাম কারণ আমি ভয়ে ছিলাম। আমার স্বামী যে প্রভাব, ক্ষমতা এবং শক্তির অধিকারী, তার সামনে নিজেকে বড্ড অসহায় মনে হতো। নিজেকে সান্ত্বনা দিতাম যে চুপ থাকাই বোধহয় সবচেয়ে নিরাপদ।”
ইশা আরও লেখেন, “আমার নীরবতার মানে এই নয় যে আমি সব মেনে নিয়েছিলাম। ওটা ছিল স্রেফ টিকে থাকার লড়াই। আজ আমি ভয়কে হারিয়ে সাহসের পথ বেছে নিচ্ছি। হয়তো সম্পূর্ণ সত্যিটা বলার মতো সময় এখনও আসেনি, তবে সবকিছু ঠিকঠাক আছে—এই অভিনয়টা বন্ধ করার সময় এসেছে।”
এর আগেও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ভিডিও শেয়ার করে ইশা লিখেছিলেন, “প্রতিটি ঝড় এক-একটি শিক্ষা, আর প্রতিটি প্রার্থনা হলো আশা।” তাঁর এই পোস্ট থেকেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করে।
শাশুড়ির ইঙ্গিতবাহী বার্তা: “কর্ম কাউকেই ক্ষমা করে না”
জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন ইশা রিখির মা পুনম রিখি। তিনি সরাসরি বাদশা বা ইশার নাম না নিলেও ইনস্টাগ্রাম স্টোরিতে ‘কর্ম’ এবং ‘বিচার’ নিয়ে একাধিক পোস্ট শেয়ার করেছেন।
প্রথম পোস্ট: শিবের মূর্তির সামনে এক মহিলার প্রার্থনার ছবি দিয়ে লেখা, “কর্ম ঘুরেফিরে আবার ফিরে আসে। আপনি যদি কারো জীবন কঠিন করে তোলেন, তবে ঈশ্বর আপনার মৃত্যু কঠিন করে দেবেন।”
দ্বিতীয় পোস্ট: সেখানে লেখা ছিল, “কর্ম কখনও ক্ষমা করে না। আপনি যদি কাউকে কাঁদিয়ে থাকেন, তবে আপনার চোখেও জল আসবেই। কর্মের চেয়ে বড় কোনো বিচারক নেই। সময় এলে কর্ম কোনো পক্ষপাত ছাড়াই বিচার করে। ঈশ্বর হয়তো আপনাকে ক্ষমা করতে পারেন, কিন্তু আপনার কর্ম কখনও ক্ষমা করবে না।”
বাদশার দ্বিতীয় বিয়ে ও সম্পর্কের নেপথ্যে
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই গোপনে বা ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাদশা ও ইশা রিখি। এক সাধারণ বন্ধুর পার্টির মাধ্যমে তাঁদের প্রথম পরিচয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়।
ইশার সঙ্গে সম্পর্কের আগে বাদশা ২০১২ সালে জ্যাসমিন মসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁদের জেসেমি গ্রেস মসিহ সিং নামের একটি কন্যা সন্তান রয়েছে, যাকে তারা যৌথভাবে লালন-পালন করছেন।