ঐতিহাসিক ২৯ জুলাই ‘মোহনবাগান দিবস’! সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আজ ২৯ জুলাই, বাংলা তথা ভারতীয় ফুটবলের ইতিহাসে এক পরম গৌরবের দিন—’মোহনবাগান দিবস’। ১৯১১ সালের এই ঐতিহাসিক দিনেই গোরা ফুটবলারদের হারিয়ে, খালি পায়ে আইএফএ শিল্ড (IFA Shield) জিতে পরাধীন ভারতে নতুন ইতিহাসের সূচনা করেছিল মোহনবাগান ক্লাব। ‘অমর একাদশ’-এর সেই কালজয়ী লড়াইকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটিকে মহাসমারোহে পালন করা হয়।
‘জয় মোহনবাগান’ শুভেন্দুর শুভেচ্ছা
ঐতিহাসিক মোহনবাগান দিবসে সমস্ত ফুটবলপ্রেমী ও সবুজ-মেরুন সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নিজের সামাজিক মাধ্যমে একটি বার্তা পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন,
“গর্বের ২৯শে জুলাই। মোহনবাগান দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় মোহনবাগান।”
মোহনবাগান তাঁবুতে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ
মোহনবাগান দিবসের প্রাক্কালে মঙ্গলবার ময়দানের ঐতিহাসিক ক্লাবে পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ক্লাবের মাঠে আয়োজিত কলকাতা ফুটবল লিগের ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেন তিনি। এর পর ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব শ্রীঞ্জয় বোসের উপস্থিতিতে পুরো ক্লাব প্রাঙ্গণ এবং ট্রফি রুম ঘুরে দেখেন।
স্মৃতি বিজড়িত ‘অমর একাদশ’-এর মূর্তির সামনে দাঁড়িয়ে ক্লাবের গৌরবগাথার ইতিহাস শোনেন মন্ত্রী। পরিদর্শন শেষে মোহনবাগানের ঐতিহ্যবাহী ক্যান্টিনের বিখ্যাত ‘চিকেন স্টু’ ও ‘ফিশফ্রাই’-এর স্বাদ নেন তিনি। ক্লাবের ভিজিটরস রেজিস্টারে নিজের আবেগ ব্যক্ত করে ইন্দ্রনীল খাঁ সংক্ষেপে লিখে যান— ‘ফিশফ্রাই এবং মোহনবাগান’।
উৎসবের আমেজ ময়দানে
মোহনবাগান দিবসে প্রতি বছরের মতো এবারও ক্লাব প্রাঙ্গণে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করায় ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে রাজ্য প্রশাসন ও ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। ঐতিহাসিক এই দিনে ফের একবার ‘জয় মোহনবাগান’ স্লোগানে মুখরিত কলকাতার ফুটবল পাড়া।