তিন থেকে চার হল কাঞ্চন-শ্রীময়ীর পরিবার! মেয়ের নামের সঙ্গে মিলিয়ে ছেলের কী নাম রাখলেন তারকা দম্পতি?

সমস্ত জল্পনার অবসান! অবশেষে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। ইন্ডাস্ট্রিতে তাঁদের দ্বিতীয়বার বাবা-মা হওয়ার গুঞ্জন অনেকদিন ধরেই ঘুরছিল। অবশেষে সব জল্পনায় জল ঢেলে সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন এই তারকা দম্পতি। কন্যাসন্তান কৃষভির পর এবার শ্রীময়ীর কোল আলো করে এল পুত্রসন্তান। বিশেষ ব্যাপার হল, প্রথম সন্তানের মতো এবারও গর্ভাবস্থার খবর পুরোপুরি গোপন রেখেছিলেন তাঁরা।

ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে অনুরাগীদের এই খুশির খবর জানান কাঞ্চন ও শ্রীময়ী। ওই পোস্টে দেখা যাচ্ছে, হাসিমুখে মেয়ে কৃষভিকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কাঞ্চন, আর তাঁর পাশেই প্রেগন্যান্ট অবস্থায় পোজ দিয়েছেন শ্রীময়ী।

ক্যাপশনে তারকা যুগল লিখেছেন, “হ্যালো। আজ আমাদের হৃদয় এবং বাড়ি পরিপূর্ণ হয়ে উঠল। কৃষভির ছোট ভাই ভূমিষ্ট হল। আমাদের ছোট পরিবার তিন থেকে চার হল। আমরা ভীষণ উচ্ছ্বসিত আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানিয়ে। একসঙ্গে জীবনের এই সুন্দর নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছি।”

অভিনব নাম ও পারিবারিক সুখ

ছেলের জন্মের খবর জানানোর পাশাপাশি একরত্তির নামও প্রকাশ্যে এনেছেন তাঁরা। প্রথম সন্তান কৃষভির নামের সঙ্গে মিলিয়ে নবজাতকের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’। এর আগে ২০২৪ সালের নভেম্বরে কাঞ্চন ও শ্রীময়ীর কোলে এসেছিল কৃষভি। সেবারও শ্রীময়ী তাঁর মা হওয়ার খবর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বজায় রেখেছিলেন, যা এবারও বজায় রাখলেন।

টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল, বছরের শুরু থেকেই নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন শ্রীময়ী। যদিও তিনি তা এড়িয়ে গিয়েছিলেন। তবে চলতি বছরে বিধানসভা নির্বাচনে স্বামী কাঞ্চনের সঙ্গে ভোট দিতে যাওয়ার সময় শ্রীময়ীর বেবি বাম্প ক্যামেরাবন্দি হয়, যা আর কারোরই নজর এড়ায়নি।

কাঞ্চনের তৃতীয়বার পিতা হওয়ার আনন্দ

এই সন্তানের জন্ম দেওয়ার মধ্য দিয়ে কাঞ্চন মল্লিক তৃতীয়বারের জন্য বাবা হওয়ার আনন্দ পেলেন। তাঁর আগের পক্ষে অর্থাৎ প্রাক্তন স্ত্রী পিঙ্কির ঘরেও এক পুত্রসন্তান রয়েছে। তবে সেই ছেলের সঙ্গে যোগাযোগ না থাকার কারণে কাঞ্চনের মনে এক ধরনের অতৃপ্তি ও দুঃখ ছিল। ওয়াকিবহাল মহলের ধারণা, শ্রীময়ীর কোলজুড়ে আসা এই পুত্রসন্তান কিছুটা হলেও কাঞ্চনের সেই পুরোনো শূন্যতা ও দুঃখ লাঘব করবে। বর্তমানে খুশির হাওয়া কাঞ্চন ও শ্রীময়ীর পরিবারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *