নতুন বছরে নতুন রূপে ফিরছেন নাগা চৈতন্য, প্রকাশ্যে ‘কাস্টডি’র টিজার

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। নতুন বছরেই ভক্তদের জন্য দারুণ এক উপহার নিয়ে হাজির হচ্ছেন তিনি। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কাস্টডি’র টিজার মুক্তি পেলো বছরের প্রথম দিন। পুলিশ অ্যাকশন ড্রামা, কাস্টডির ২৬ সেকেন্ডের টিজারের ঝলকে নাগা চৈতন্যকে অ্যাকশন সিক্যুয়েন্সসহ পুলিশের ভূমিকায় দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কট প্রভু।
দু’মাস আগেই নিজের ৩৬তম জন্মদিন পালন করেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। জন্মদিন উপলক্ষ্যে সেদিনই নিজের নতুন সিনেমার নাম এবং ফার্স্ট লুক সামনে আনেন তিনি। জানা গেছে, নাগা’র ক্যারিয়ারে সবচেয়ে বিগ বাজেট সিনেমাগুলির একটি হতে চলেছে এটি।

কাস্টডি’র ফার্স্টলুক পোস্টারই বুঝিয়ে দিয়েছিল নাগার নতুন অবতার হতে চলেছে অ্যাকশনে ভরপুর। সদ্য প্রকাশিত টিজারে তাকে দেখা গেছে, একজন কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসার হিসাবে। যিনি কাঙ্ক্ষিত বদল আনতে সমস্ত অশুভের সঙ্গে একাই লড়াই চালিয়ে যান। পোস্টারের ক্যাচলাইনেও এই কথাটিই ফুটে উঠেছিল।

সিনেমায় তার চরিত্রের নাম শিবা। যেখানে নাগা জুটি বাঁধতে চলেছেন তরুণ অভিনেত্রী কৃতি শেট্টির সঙ্গে। এ জুটি এর আগে ২০২২ সালে ‘বাঙ্গারাজু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কৃতি।

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কৃতি শেট্টি বলেন, নাগা চৈতন্যের সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ করলাম। তার সঙ্গে কাজ করাটা আনন্দের। আমি এই সিনেমার মুক্তির জন্য মুখিয়ে আছি। মানুষও আমাদের জুটিকে বেশ পছন্দ করেছে বলে মনে হচ্ছে। আমি মনে করি, দর্শকদের আরেকটি সুন্দর চলচ্চিত্র উপহার দিতে চলেছি আমরা।

শ্রীনিবাস সিলভার স্ক্রিনের ব্যানারে মুক্তি পেতে চলেছে ‘কাস্টডি’৷ তামিল এবং তেলেগু আপাতত এই দুই ভাষাতেই শিবার কৃতি কলাপ দেখতে পাবেন দর্শকরা।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন সম্পত রাজ, শরৎকুমার, প্রেমজি, ভেনেলা কিশোর এবং প্রেমী বিশ্বনাথ। প্রথমবারের মতো সংগীত পরিচালক ইলিয়া রাজা তার ছেলে এবং জনপ্রিয় সংগীত পরিচালক যুবন শংকর রাজার সঙ্গে যৌথভাবে এ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন। আগামী মে মাসের ১২ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কাস্টডি’।

নাগা চৈতন্যকে সর্বশেষ বলিউড সুপারস্টার আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা গেছে। এ সিনেমা দিয়েই বলিউডে তার অভিষেক হয়। যদিও সিনেমাটি বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হলেও ‘কাস্টডি’ আবারও তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় কিনা, তা দেখারত অপেক্ষায় এখন দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *