থিয়েটারে মুক্তির আগেই অ্যামাজন প্রাইমে ফাঁস জেসন স্ট্যাথামের নতুন ছবি! বড়সড় সাইবার ব্লান্ডারে তোলপাড় হলিউড

বড় পর্দায় মুক্তির মাত্র দুদিন আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল হলিউডের জনপ্রিয় অ্যাকশন স্টার জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম ভিডিওর ওটিটি প্ল্যাটফর্মে ভুলবশত পুরো ছবিলাইভ স্ট্রিম হয়ে যাওয়ার ঘটনাটি ঘিরে বর্তমানে বিনোদন দুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
‘দ্য ভার্জ’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজন প্রাইমের মার্কিন সংস্করণে ১ ঘণ্টা ৩৫ মিনিটের পুরো সিনেমাটি কিছু সময়ের জন্য দর্শকদের দেখার উপযোগী করে তোলা হয়েছিল। প্ল্যাটফর্মটিতে ছবিটির অফিশিয়াল সিনোপসিস, ভিডিও থাম্বনেইল এবং সম্পূর্ণ কাস্টের তালিকাও যুক্ত করা হয়েছিল। যদিও ঠিক কী কারণে এবং কীভাবে এই ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও পর্যন্ত অ্যামাজন বা ছবির ডিস্ট্রিবিউটর লায়ন্সগেটের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নাকি সুপরিকল্পিত প্রচারের অংশ, তা নিয়েও ধোঁয়াশা বজায় রয়েছে।
চলতি বছরের ২১ আগস্ট বিশ্বজুড়ে সিনেমা হলগুলোতে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তার ঠিক আগে এমন আকস্মিক লিকের ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছেন নির্মাতারা। উল্লেখ্য, এই ছবিটিতে কোল রিড নামের এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন জেসন স্ট্যাথাম, যাঁর চোখের সামনে তাঁর ধনকুবের বসকে খুন করা হয় এবং পরবর্তীতে তাঁকে ওই খুনের অপরাধে ফাঁসানো হয়। এরপর আসল ষড়যন্ত্রের জাল ভেদ করতে তাঁর পালিয়ে বেড়ানো এবং লড়াইয়ের গল্পই তুলে ধরা হয়েছে এই অ্যাকশন থ্রিলারে। এর আগেও ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ কিংবা নেটফ্লিক্সের একাধিক প্রজেক্ট অনলাইন লিকের কবলে পড়েছিল, যা ওটিটি প্ল্যাটফর্মগুলোর ডিজিটাল নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্নচিহ্ন তুলে দিল।