মর্মান্তিক সড়ক দুর্ঘটনা! মাত্র ১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা বনাম কং’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কেলি হটল

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পৃথিবীর মায়া কাটিয়ে চিরকালের মতো চলে গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেলি হটল (Kaylee Hottle)। মাত্র ১৮ বছর বয়সে প্রাণ হারালেন ‘গডজিলা বনাম কং’ (Godzilla vs Kong) ছবিতে দুর্দান্ত অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই তরুণী ও বধির অভিনেত্রী। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
ফ্রেডরিকস কাউন্টি শেরিফের অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৩টার সামান্য আগে মেরিল্যান্ডের ইজামসভিল এলাকায় একটি ১৯৯৫ সালের হোন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে সজোরে একটি কালভার্টে ধাক্কা মারে। ওই গাড়িতে যাত্রী হিসেবে কেলি হটল ছাড়াও আরও একজন ছিলেন। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কেইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। পরে এয়ারলিফট করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে বাঁচিয়ে তুলতে পারেননি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়ির চালক সামান্য আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অপর এক যাত্রী চিকিৎসার প্রয়োজন নেই বলে জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
বাবার ফেসবুক লাইভ ও পরিবারের শোক
মেয়ে হারানোর এই দুঃসংবাদটি প্রকাশ্যে এনেছেন কেইলির বাবা জোশুয়া হটল। আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ (ASL)-এর মাধ্যমে একটি ফেসবুক লাইভ করে তিনি মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, টেক্সাস থেকে বিমানে করে তিনি মেরিল্যান্ডে যাচ্ছেন মেয়ের মরদেহ বাড়িতে ফিরিয়ে আনতে। কেইলি ও তাঁর বাবা দুজনেই বধির এবং তাঁরা বহু প্রজন্ম ধরে একটি বধির পরিবারের সদস্য।
বিমানবন্দর থেকে এক পোস্টে আবেগঘন বার্তায় জোশুয়া বলেন, “কেলির মা এবং চার ভাইবোন একেবারে ভেঙে পড়েছে। ওরা বাড়িতে একসঙ্গে রয়েছে। আমি কেইলির মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনতে যাচ্ছি। একসঙ্গে কাটানো এই ১৮ বছরের জন্য আমি কৃতজ্ঞ, তবে আরও কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারলে খুব ভালো হতো।” এমনকি গাড়ি চালকের উদ্দেশে বড় মনের পরিচয় দিয়ে তিনি জানান, এই তরুণ চালককে তিনি ক্ষমা করে দিয়েছেন এবং তিনি যেন এই ঘটনার জেরে নিজের বাকি জীবনটা নষ্ট না করে। কেইলির মা-ও সাইন ল্যাঙ্গুয়েজে জানিয়েছেন যে তিনি এখনও অনুভব করছেন কেইলি তাঁদের সঙ্গেই রয়েছে।
হলিউডে শোকের ছায়া
টিনএজ এই প্রতিভাবান অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা হলিউড। তাঁর সহকর্মী ও বিশিষ্ট তারকারা সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন। ‘গডজিলা’ ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করা মিলি ববি ব্রাউন (Millie Bobby Brown) এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, “এই খবর শুনে আমি ভীষণভাবে মর্মাহত। কেইলি, তোমাকে ভীষণ মিস করব।” কেইলির আসন্ন ছবি ‘হোয়াট ডাজেন্ট কিল আস’-এর সহ-অভিনেত্রী আলাকুয়া কক্স লিখেছেন, “আমার বুক ভেঙে গেছে। এই অকল্পনীয় পরিস্থিতিতে তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।” পাশাপাশি অস্কারজয়ী অভিনেতা ট্রয় কটসুরসহ অনেকেই তাঁর বিয়োগে গভীর শোক ব্যক্ত করেছেন।
কেলি হটলের পরিচয়
‘গডজিলা বনাম কং’ এবং ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ ছবিতে এতিম মেয়ে ‘জিয়া’র চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকের মন জয় করে নিয়েছিলেন কেইলি হটল। গত বছর অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, গডজিলা ছবিতে সুযোগ পাওয়ার আগে তিনি কখনও মনস্টার মুভি বা দানবদের ছবি দেখেননি। বাবা-মা ও বোনদের নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মানতেন এই তরুণী প্রতিভা। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।