আগস্ট মাস থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কাদের জন্য বড় ঘোষণা সরকারের?

চলতি বছরের রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনেই বয়স্ক ভাতা ও বিধবা ভাতা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটিয়ে আগামী মাস থেকেই বর্ধিত আর্থিক সহায়তা পেতে চলেছেন রাজ্যের প্রবীণ নাগরিক ও বিধবা মহিলারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কত টাকা বাড়াল সরকার?
রাজ্য সরকারের তরফে পূর্বের ভাতা ১,০০০ টাকা থেকে ৫০০ টাকা বাড়িয়ে প্রতি মাসে ১,৫০০ টাকা করা হয়েছে। ফলে এখন থেকে নিম্নলিখিত প্রকল্পগুলোতে নিয়মিত ১৫০০ টাকা করে সহায়তা মিলবে:
ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প (IGNOAP)
ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প (IGNWPS)
ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প (IGNDPS)
কীভাবে এবং কবে থেকে মিলবে এই টাকা?
সরকারি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রক্রিয়াটিতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT) পদ্ধতির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হবে।
আগামী ১ অগাস্ট থেকে ভাতার এই বর্ধিত হার কার্যকর হবে।
উপভোক্তারা সেপ্টেম্বর মাসের শুরু থেকেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে এই বর্ধিত টাকা পেতে শুরু করবেন।
মহিলা ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ ভাই-বোনেরা যাতে আরও আত্মমর্যাদা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই মানবিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।