১ সেপ্টেম্বর থেকে সব সরকারি কাজ বাংলায়! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ডে এক ঐতিহাসিক পরিবর্তনের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ। আগামী ১ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে রাজ্যের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার অধিবেশনে দেওয়া মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কেন এই সিদ্ধান্ত?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি চিঠির সূত্র ধরেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে লেখা ওই চিঠিতে সরকারি কাজে মাতৃভাষার ব্যাপক প্রয়োগের ওপর বিশেষ জোর দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই পরামর্শকে পাথেয় করেই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

কী কী পরিবর্তন আসছে?
প্রশাসনকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন নিয়ম অনুযায়ী:

প্রশাসনিক ফাইল ও চিঠিপত্র: ভূমি সংস্কার কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীর কার্যালয়— সব স্তরের ফাইলে বাংলা ব্যবহার আবশ্যিক।

পুলিশি পরিষেবা: থানায় এফআইআর দায়ের ও অভিযোগ নথিবদ্ধকরণের ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক।

ডিজিটাল মাধ্যম: সরকারি পোর্টাল এবং ওয়েবসাইটগুলোতেও গুরুত্ব পাবে বাংলা ভাষা।

যোগাযোগ: ভিন রাজ্য বা কেন্দ্রের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলার পাশাপাশি হিন্দি অনুবাদও ব্যবহার করা হবে। এক্ষেত্রে ভারত সরকারের ‘ভারতী’ সফটওয়্যারের সহায়তা নেওয়া হবে।

এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে প্রয়োজনীয় অনুবাদক নিয়োগ ও পরিকাঠামো তৈরির কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক চমক: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ্যে
ভাষা সংক্রান্ত ঘোষণার পাশাপাশি এদিন রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত ‘২১ জুলাই তদন্ত কমিশন’-এর রিপোর্ট জনসমক্ষে আনার কথা ঘোষণা করেছেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী সরাসরি বিরোধী শিবিরকে নিশানা করে বলেন, “বিগত সরকার ১৫ বছর ক্ষমতায় থেকেও জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের সুপারিশগুলো কেন কার্যকর করেনি, তা তথ্য-প্রমাণসহ বাংলার জনগণের সামনে তুলে ধরব।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে একদিকে যেমন প্রশাসনিক কাজকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা হলো, তেমনি ২১ জুলাইয়ের পুরোনো ফাইল খুলে বিরোধী শিবিরকে কার্যত কোণঠাসা করার ‘জোড়া চাল’ খেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *