রেস্তোরাঁ নয়, এবার বাড়িতেই বানান জিভে জল আনা ‘ইলিশের ফিশ ফ্রাই’! রইল সহজ রেসিপি

বাঙালির পাতে ইলিশ মানেই যেন এক উৎসব। ঝাল, ঝোল বা ভাপা—ইলিশের নানা পদ তো আমরা হরদম খেয়ে থাকি। তবে যদি বিকেলের আড্ডায় বা রাতের খাবারে একটু অন্যরকম কিছু ট্রাই করতে চান, তবে বানিয়ে ফেলতে পারেন ‘ইলিশের ফিশ ফ্রাই’। রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে আপনার হেঁশেলই!
কাঁটা ছাড়ানোর কৌশল:
ইলিশ মাছের কাঁটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ফ্রাই বানানোর জন্য অন্তত ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশ বেছে নিন। মাছ ভালো করে ধুয়ে লেজা ও মুড়োর অংশ বাদ দিন। মেরুদণ্ড বরাবর ছুরি চালিয়ে মাছের ফিলে কেটে নিন। এরপর ছুরির ডগা দিয়ে পেটের পাঁজরের বড় কাঁটাগুলো ছাড়িয়ে নিন। সবশেষে একটি চিমটে (Tweezers) দিয়ে মাছের আঁশের দিক লক্ষ্য করে ‘Y’ আকৃতির কাঁটাগুলো তুলে নিলেই তৈরি মাছের ফিলে।
প্রয়োজনীয় উপকরণ:
ইলিশ মাছের ফিলে: ৪টি
আদা-রসুন বাটার রস: ১ চামচ
কাঁচালঙ্কা বাটা: ১ চামচ
ডিম: ২টি
গোলমরিচ গুঁড়ো: ১ চামচ
বিস্কুটের গুঁড়ো বা ব্রেডক্রাম্বস: পরিমাণমতো
গন্ধরাজ লেবুর রস: ২ চামচ
লবণ: স্বাদমতো
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে মাছের ফিলেগুলোতে লেবুর রস, লবণ ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রাখুন। এরপর আদা-রসুন বাটার রস ও কাঁচালঙ্কা বাটা মাখিয়ে অন্তত আধ ঘণ্টা ম্যারিনেট হতে দিন।
২. এবার মাছের টুকরোগুলোতে প্রথমে শুকনো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন। তারপর নুন মেশানো ডিমের গোলার মধ্যে ডুবিয়ে পুনরায় বিস্কুটের গুঁড়োতে কোট করুন।
৩. সুন্দর চৌকো আকার দেওয়ার পর মাছগুলো অন্তত ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এতে ভাজার সময় ব্রেডক্রাম্বস তেলের মধ্যে ছড়িয়ে যাবে না।
৪. কড়াইতে ডুবো তেল গরম করে কম আঁচে মাছগুলো সোনালি করে ভেজে নিন। কম আঁচে ভাজলে মাছের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে।
ব্যাস! তৈরি আপনার সুস্বাদু ইলিশের ফিশ ফ্রাই। কুচানো পেঁয়াজ এবং কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করুন। ইলিশের এই ভিন্ন স্বাদের পদটি বাড়ির ছোট থেকে বড়—সবারই মন কাড়বে।