সারাদিন চা-কফিতে চুমুক? এই অভ্যাসে শরীরে বাড়ছে বিপদ! জেনে নিন না খেয়েও সতেজ থাকার ৫ ম্যাজিক উপায়

অফিসের কাজের চাপ, অপর্যাপ্ত ঘুম আর দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার অভ্যাসে বর্তমান প্রজন্মের বড় একটা অংশ সারাদিন ক্লান্তিতে ভোগেন। এই অবসাদ কাটাতে অনেকেই এক কাপ চা বা কফির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু চিকিৎসকদের মতে, অতিরিক্ত ক্যাফেইন শরীরে সাময়িক চনমনে ভাব আনলেও, দীর্ঘমেয়াদে তা স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ক্যাফেইনের ওপর এই নির্ভরশীলতা কাটিয়ে উঠেই সারাদিন নিজেকে সতেজ ও প্রাণবন্ত রাখার কার্যকরী উপায় বাতলে দিয়েছেন বিশেষজ্ঞরা।

সতেজ থাকতে দৈনন্দিন অভ্যাসে যে পরিবর্তনগুলো আনবেন:
পানির ঘাটতি মেটান: অবসন্নতার অন্যতম প্রধান কারণ ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। ক্লান্তি অনুভূত হলেই চা-কফির বদলে এক গ্লাস জল পান করুন। এটি শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং দ্রুত ক্লান্তি দূর করে।

পুষ্টিকর স্ন্যাকস বেছে নিন: অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা চিনিযুক্ত ফাস্টফুড না খেয়ে খাবারের ফাঁকে বাদাম, বীজ বা তাজা সবজির সালাদ খাওয়ার অভ্যাস করুন। কাঁচা শাকসবজিতে থাকা ভিটামিন ‘বি’ শরীরে শক্তি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রয়োজনে সালাদের সাথে সেদ্ধ ডিম বা মাংস মিশিয়ে নিন, যা আপনাকে দীর্ঘক্ষণ এনার্জি দেবে।

প্রাকৃতিক আলো ও বাতাসের ছোঁয়া: দিনের অন্তত ৩০ মিনিট খোলা পরিবেশে বা প্রাকৃতিক আলোর নিচে সময় কাটান। এটি মন ও শরীর উভয়কেই সতেজ রাখে। কর্মস্থল বা পড়ার টেবিলের আশেপাশে ছোট গাছ রাখতে পারেন, যা কাজের মনোযোগ বাড়াতে দারুণ কার্যকর।

শরীরচর্চার বিকল্প নেই: অনেকের ধারণা, ব্যায়াম করলে শরীর আরও ক্লান্ত হয়। বাস্তবে নিয়মিত শরীরচর্চা বিপাকক্রিয়া (Metabolism) সক্রিয় করে, ফলে শরীর শক্তি উৎপাদনে আরও কার্যকর হয়ে ওঠে। ব্যায়ামের ফলে নিঃসৃত ‘এন্ডরফিন’ হরমোন মানসিক প্রশান্তি ও প্রাণবন্ত অনুভূতি জোগায়।

কাজের মাঝে বিরতি ও ঘুমের ভারসাম্য: একটানা দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে কাজ করবেন না। প্রতি এক ঘণ্টা অন্তর কয়েক মিনিটের বিরতি নিন—হাঁটাচলা করুন কিংবা প্রিয়জনের সঙ্গে গল্প করুন। এছাড়া প্রতিদিন অন্তত ৭ ঘণ্টার ঘুম নিশ্চিত করুন। দুপুরের দিকে খুব ক্লান্ত লাগলে ১৫ থেকে ৩০ মিনিটের একটি ‘পাওয়ার ন্যাপ’ আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ:
প্রতিদিন একই সময়ে ঘুমানো ও ঘুম থেকে ওঠার অভ্যাস আমাদের শরীরের ‘জৈবঘড়ি’ বা সার্কাডিয়ান রিদমকে ঠিক রাখে। চা বা কফি পান করা পুরোপুরি বর্জন করার দরকার নেই, তবে সুস্থ থাকতে তা দিনে এক বা দুই কাপের মধ্যে সীমাবদ্ধ রাখাই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *