গ্যাস বুকিংয়ের ঝামেলা শেষ! কোনো কানেকশন ছাড়াই এবার অ্যাপে অর্ডার করুন এলপিজি, জেনে নিন নিয়ম

গ্যাস বুকিং করে দিনের পর দিন অপেক্ষা করার দিন এবার শেষ হতে চলেছে। এবার খাবার বা মুদিখানার পণ্যের মতোই অ্যাপের মাধ্যমে অর্ডার করলেই মাত্র ১০ মিনিটে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে রান্নার গ্যাসের সিলিন্ডার। কুইক কমার্স প্ল্যাটফর্ম সুইগি ইনস্টামার্ট (Swiggy Instamart) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথমবার শুরু হলো এই অভিনব ‘অন-ডিমান্ড’ এলপিজি ডেলিভারি পরিষেবা।

প্রাথমিকভাবে কোথায় মিলবে এই সুবিধা? আপাতত পরিষেবাটি পরীক্ষামূলকভাবে শুধুমাত্র বেঙ্গালুরুতে চালু করা হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই দেশের অন্যান্য মেট্রো শহরগুলোতেও এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। প্রথম ধাপে গ্রাহকরা ১০ কেজি ও ৫ কেজির সিলিন্ডার অর্ডার করতে পারবেন।

কেন বিশেষ এই সিলিন্ডার? সাধারণ লোহার সিলিন্ডারের পরিবর্তে এইচপিসিএল আনছে ‘এইচপি নব্যা’ (HP Navya) কম্পোজিট সিলিন্ডার। এর বিশেষত্বগুলো হলো:

  • ওজনে হালকা: সাধারণ সিলিন্ডারের চেয়ে অনেক হালকা, তাই হ্যান্ডেল করা সহজ।

  • মরচেহীন: কম্পোজিট উপাদানে তৈরি হওয়ায় এতে জং ধরার কোনো ভয় নেই, ফলে রান্নাঘর পরিষ্কার থাকে।

  • স্বচ্ছতা: সিলিন্ডারের গা থেকেই বোঝা যায় ভেতরে কতটা গ্যাস অবশিষ্ট আছে। ফলে গ্যাস ফুরোনোর আগেই বুকিং করা সম্ভব।

যাদের জন্য বিশেষ সুবিধা: এই সিলিন্ডার মূলত ছোট পরিবার, ব্যাচেলর, শিক্ষার্থী এবং চাকুরিজীবীদের কথা মাথায় রেখে আনা হয়েছে। সবচেয়ে বড় চমক হলো, এই সিলিন্ডার কেনার জন্য গ্রাহকের আগে থেকে কোনো ডমেস্টিক এলপিজি কানেকশন থাকার প্রয়োজন নেই। প্রথমবার অর্ডারের সময় এটি ‘নতুন কানেকশন’ হিসেবে গণ্য হবে এবং এরপর থেকে খালি সিলিন্ডার বদলে সহজেই রিফিল নেওয়া যাবে।

সুরক্ষা ও ডেলিভারি: নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে কর্তৃপক্ষ। সাধারণ ডেলিভারি বয় নয়, বরং এইচপিসিএল-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরাই এই সিলিন্ডার গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *